Odisha Bribery: ওড়িশা সিভিল সার্ভিস টপার ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা! উদ্ধার লক্ষ লক্ষ টাকা
ভিজিল্যান্স সূত্রে জানা গেছে, এক ব্যক্তি তাঁর কৃষিজমিকে বাস্তুজমিতে বদলানোর জন্য অশ্বিনী কুমারের কাছে আবেদন করেন।
Truth of Bengal: ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন ওড়িশার সিভিল সার্ভিস পরীক্ষায় শীর্ষস্থান অর্জন করা এক সরকারি আধিকারিক। সম্বলপুরে ভিজিল্যান্সের হাতে গ্রেফতার হন তহসিলদার অশ্বিনী কুমার পান্ডা। তিনি বর্তমানে সম্বলপুরের বামরায় তহসিলদারের পদে নিযুক্ত ছিলেন।ভিজিল্যান্স সূত্রে জানা গেছে, এক ব্যক্তি তাঁর কৃষিজমিকে বাস্তুজমিতে বদলানোর জন্য অশ্বিনী কুমারের কাছে আবেদন করেন। অভিযোগ, প্রথমে ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন তহসিলদার। আবেদনকারী জানান, এত টাকা দিতে পারবেন না। তখন তাঁকে বলা হয়, ১৫ হাজার টাকা দিলেই কাজ হয়ে যাবে। এই প্রস্তাবেও রাজি না হলে কোনও কাজ হবে না বলে জানানো হয় (Odisha Bribery)।
আরও পড়ুনঃ ভারতেই তৈরি হবে রাফাল! ২ লক্ষ কোটির প্রকল্পে ইতিহাস গড়তে চলেছে ভারত
এই পরিস্থিতিতে আবেদনকারী রাজ্য ভিজিল্যান্স দফতরে অভিযোগ করেন। ভিজিল্যান্স ফাঁদ পেতে আবেদনকারীর গাড়িচালককে দিয়ে ১৫ হাজার টাকা তহসিলদারের কাছে পাঠায়। টাকা গ্রহণের সময়েই অশ্বিনী কুমারকে হাতেনাতে গ্রেফতার করা হয়।এরপর ভিজিল্যান্সের একটি দল তহসিলদারের দুটি বাড়িতে তল্লাশি চালায়। তল্লাশিতে প্রায় পাঁচ লক্ষ টাকা নগদ উদ্ধার করা হয় (Odisha Bribery)।
Truth of Bengal fb page:https://www.facebook.com/share/1GbdnH1jqc/
অশ্বিনী কুমার পান্ডা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বি.টেক ডিগ্রি অর্জন করেন। ২০১৯ সালে ওড়িশা সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম হন। এরপর থেকেই অশ্বিনী সিভিল সার্ভিস পরীক্ষার্থীর রোল মডেল। তাঁর লড়াইয়ে অনুপ্রাণিত হয়ে সেই পথেই পরীক্ষা ক্র্যাক করার চেষ্টা করেন অনেকেই। ২০২১ সালে ট্রেনিং রিজার্ভ অফিসার হিসেবে যোগ দেন। পরে ময়ূরভঞ্জ জেলার সামাখুঁটার তহসিলদার হিসেবে কাজ শুরু করে সম্বলপুরে বদলি হন। আর তখনই অশ্বিনীর বিরুদ্ধে ওঠে ঘুষ নেওয়ার অভিযোগ। তাঁর গ্রেফতার হওয়ায় শাসক মহল ও প্রশাসনের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনার পরে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের দাবি উঠেছে (Odisha Bribery)।






