দেশ

“স্বাধীনতা মানেই যা খুশি করার অধিকার নয়”, জেন জি বিক্ষোভের আবহে যুবসমাজকে বার্তা ডোভালের

শনিবার পুণেতে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের হাতে মর্যাদাপূর্ণ ‘লোকমান্য তিলক জাতীয় পুরস্কার’ তুলে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Truth of Bengal: গত বারো বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রশাসনের সবচেয়ে আস্থাভাজন ও দক্ষ কর্মকর্তা হিসেবে নিজেকে প্রমাণ করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (NSA) অজিত ডোভাল। ২০১৪ সালে মোদি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বড় নিয়োগটিই ছিল ডোভালকে এই গুরুত্বপূর্ণ পদে বসানো। দেশের যেকোনো কঠিন সংকটময় মুহূর্তে আড়ালে থেকে নীরবে সমাধান বাতলে দেওয়া এই ‘সুপার স্পাই’ এবার সাম্প্রতিক ‘জেন জি’ বিক্ষোভের আবহে প্রকাশ্যে এসে স্পষ্ট বার্তা দিলেন। দেশের যুবসমাজকে সতর্ক করে দিয়ে তিনি স্পষ্টভাবে মনে করিয়ে দেন যে, স্বাধীনতা মানেই যা খুশি করার অনিয়ন্ত্রিত অধিকার নয়।

শনিবার পুণেতে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের হাতে মর্যাদাপূর্ণ ‘লোকমান্য তিলক জাতীয় পুরস্কার’ তুলে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ডোভালের ভূয়সী প্রশংসা করে অমিত শাহ বলেন, “দেশের নিরাপত্তা ব্যবস্থাকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে এবং প্রতিরক্ষা ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনতে অজিত ডোভালের অবদান অতুলনীয়। ভারতের ইতিহাস স্বর্ণাক্ষরে তাঁর নাম স্মরণ রাখবে।” ডোভাল নিজেও এই মঞ্চ থেকে মোদি-শাহ জুটির নেতৃত্বের প্রশংসা করেন এবং সার্বিক দেশগঠনে সরকারের দৃষ্টিভঙ্গির সমর্থনের কথা তুলে ধরেন।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডোভাল তরুণ প্রজন্মকে লোকমান্য তিলকের জাতীয়তাবাদী আদর্শ ও দেশগঠনের চেতনা অনুসরণ করার আহ্বান জানান। যন্তরমন্তরে সদ্য সমাপ্ত জেন জি আন্দোলনের নেপথ্যে রাজনৈতিক উদ্দেশ্য বা অরাজকতা তৈরির চেষ্টার জল্পনার মধ্যেই তিনি তরুণদের উদ্দেশ্যে বলেন, “আজকের যুবসমাজের উচিত ক্ষুদ্র ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সর্বাগ্রে দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়া।” যদি কোনো ব্যক্তিগত স্বার্থ চলেও আসে, তবে তাও এড়িয়ে চলে কেবল দেশের অগ্রগতিতে মন দেওয়ার পরামর্শ দেন তিনি।

Related Articles