রাজ্যের খবর

শিল্পের জন্য অব্যবহৃত জমি ফেরত নিতে আইনি তৎপরতা রাজ্য সরকারের

এই জমি ফেরত নেওয়ার ক্ষেত্রে কী ধরনের আইনি জটিলতা রয়েছে এবং কোন পথে তা পুনর্দখল করা সম্ভব, তা নিয়ে আলোচনা শুরু করবে প্রশাসন

জয় চক্রবর্তী: শিল্পের জন্য দেওয়া জমি দীর্ঘদিন অব্যবহৃত পড়ে থাকলে তা আইনগতভাবে ফেরত নেওয়ার বিষয়ে তৎপর হল রাজ্য সরকার। কোন কোন ক্ষেত্রে এই ধরনের অব্যবহৃত জমি পড়ে রয়েছে, তার সুনির্দিষ্ট তালিকা তৈরির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। একইসঙ্গে, এই জমি ফেরত নেওয়ার ক্ষেত্রে কী ধরনের আইনি জটিলতা রয়েছে এবং কোন পথে তা পুনর্দখল করা সম্ভব, তা নিয়ে আলোচনা শুরু করবে প্রশাসন। ইতিমধ্যেই শিল্প সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠীর বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, শিল্পমন্ত্রী তাপস রায়, পুর ও নগর উন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল, মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সুব্রত গুপ্ত সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের সচিব ও প্রধান সচিবরা।

নবান্ন সূত্রের খবর, পূর্বতন তৃণমূল সরকারের আমলে বহু নামী শিল্পোদ্যোগীকে শিল্পের উদ্দেশ্যে জমি দেওয়া হয়েছিল। তবে অভিযোগ, সেই সমস্ত জমির একটি বড় অংশে শেষ পর্যন্ত কোনো শিল্প কারখানা বা পরিকাঠামো গড়ে ওঠেনি। রাজ্য জুড়ে একাধিক শিল্প তালুকে ক্লাস্টারের মাধ্যমে শিল্পায়নের জন্য জমি বরাদ্দ হলেও তা সঠিকভাবে কাজে লাগানো হয়নি। ফলে এসব জমি এখন ফিরিয়ে নিতে চায় নতুন সরকার।

পাশাপাশি অভিযোগ উঠেছে, রাজ্যে শিল্পের উপযোগী জমি ঠিক কোথায় এবং কতটা রয়েছে, পার্শ্ববর্তী অঞ্চলের পরিকাঠামো কতটা উপযুক্ত কিংবা বিনিয়োগকারীদের জন্য আগে কী কী সুবিধা দেওয়া হয়েছিল বা দেওয়া সম্ভব, এই সংক্রান্ত কোনো সুনির্দিষ্ট তথ্যভাণ্ডার পূর্ববর্তী সরকার তৈরি করে যায়নি। ফলে মন্ত্রীগোষ্ঠীর বৈঠকে একটি তথ্যভাণ্ডার গড়ে তোলার প্রয়োজনীয়তা নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়। উল্লেখ্য, সম্প্রতি রাজ্য বাজেটে শিল্পে উৎসাহ বাড়াতে ইনসেন্টিভ বা প্রণোদনা দেওয়ার কথা ঘোষণা করেছে সরকার। এই উদ্দেশ্যে ৫০০ কোটি টাকার বিশেষ বাজেট বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী। বৈঠকে এই প্রণোদনা সুনির্দিষ্টভাবে কোন কোন ক্ষেত্রে কীভাবে দেওয়া যেতে পারে, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা রয়েছে।

এরই পাশাপাশি, বৈঠকে ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের প্রতিনিধি দল রাজ্য সরকারের সাথে সাক্ষাৎ করে রাজ্যে ব্যবসা সম্প্রসারণের প্রস্তাব পেশ করে। নবান্ন সূত্রে খবর, তাদের ব্যবসা সম্প্রসারণের অনুকূল পরিকাঠামো গড়ে তোলার বিষয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে রাজ্য প্রশাসন।

Related Articles