Nepal: অশান্ত নেপালে আটকে ৪০০ ভারতীয়, তাদের ফেরাতে তৎপর কেন্দ্র
পরিস্থিতির গুরুত্ব বুঝে ভারতের বিদেশ মন্ত্রক একাধিক বিজ্ঞপ্তি জারি করেছে।
Truth of Bengal: নেপালের অশান্ত পরিস্থিতি ঘিরে উদ্বেগ ছড়িয়েছে ভারতেরও। টানা গণবিক্ষোভ ও সহিংসতার জেরে মঙ্গলবার থেকে কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দর বন্ধ হয়ে যায়। ফলে সেখানেই আটকে পড়েছেন প্রায় ৪০০-র বেশি ভারতীয় নাগরিক। তাঁদের দেশে ফেরাতে তৎপর হয়েছে কেন্দ্রীয় সরকার। নয়াদিল্লি থেকে বিশেষ বিমান পাঠানোর সম্ভাবনা রয়েছে। প্রয়োজনে ভারতীয় বায়ুসেনা উদ্ধার অভিযানে নামতে পারে। ইতিমধ্যেই কাঠমান্ডুর ভারতীয় দূতাবাস নেপাল সেনার সঙ্গে যোগাযোগ করেছে এবং বিমানের জন্য বিশেষ বন্দোবস্তের বিষয়ে আলোচনা চলছে (Nepal)।
আরও পড়ুনঃ Cricket Comeback: এশিয়া কাপে ছন্দে দেখা যাবে পাক পেসার শাহিন আফ্রিদিকে: আক্রাম
পরিস্থিতির গুরুত্ব বুঝে ভারতের বিদেশ মন্ত্রক একাধিক বিজ্ঞপ্তি জারি করেছে। প্রথম বিজ্ঞপ্তিতে নেপালে অবস্থানরত ভারতীয়দের স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলার ও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। পরে রাতে আরও একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জরুরি হেল্পলাইন নম্বর জানানো হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজমাধ্যমে নেপালের হিংসায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি লেখেন, তরুণ প্রাণের মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। শান্তি ও স্থিতিশীলতা নেপালের জন্য যেমন জরুরি, ভারতের কাছেও ততটাই গুরুত্বপূর্ণ (Nepal)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal
তাই নেপালের মানুষকে শান্তির পথে হাঁটার আহ্বান জানান তিনি। এদিকে প্রবল বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় উত্তেজিত জনতা বহু রাজনৈতিক নেতা ও মন্ত্রীর বাড়িতে আগুন ধরিয়ে দেয়। সেই অগ্নিকাণ্ডে প্রাণ হারান প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রী। অগ্নিগর্ভ পরিস্থিতিতে সেনাবাহিনী ক্ষমতা হাতে নেয়। আপাতত নেপালে চলছে সেনাশাসন। তবে প্রাক্তন প্রধানমন্ত্রী ওলির অবস্থান সম্পর্কে এখনও কিছু জানা যায়নি (Nepal)।






