Independence Day: স্বাধীনতার আলো ও আমাদের দায়িত্ব
১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ ছিল প্রথম বৃহৎ আকারের স্বাধীনতা সংগ্রাম।
বিশ্বজিৎ বৈদ্য (বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গবেষক): ভারতে ব্রিটিশ শাসনের সূচনা হয় ১৭৫৭ সালের পলাশির যুদ্ধের মাধ্যমে। ধীরে ধীরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সামরিক শক্তি, অর্থনৈতিক নীতি এবং প্রশাসনিক কৌশলের মাধ্যমে ভারতকে শাসনের অধীনে আনে। ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ ছিল প্রথম বৃহৎ আকারের স্বাধীনতা সংগ্রাম (Independence Day)। যদিও এটি সফল হয়নি, তবু এটি জাতীয় চেতনার ভিত্তি স্থাপন করেছিল।
উনিশ শতকের শেষভাগ থেকে বিশ শতকের প্রথমভাগে জাতীয়তাবাদী আন্দোলন নতুন গতি পায়। দাদাভাই নওরোজির ‘Drain Theory’ অর্থনৈতিক শোষণের বিরুদ্ধে যুক্তি দেয়, বাল গঙ্গাধর তিলক ‘স্বরাজ আমার জন্মসিদ্ধ অধিকার’ স্লোগানে জনমানসে জাগরণ আনে। মহাত্মা গান্ধির অহিংস সত্যাগ্রহ, সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজ, ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ, মাস্টারদা সূর্য সেন সহ অসংখ্য বিপ্লবীর সশস্ত্র সংগ্রাম— সব মিলিয়ে স্বাধীনতার পথে একটি বহুমাত্রিক আন্দোলন গড়ে ওঠে।
অহিংস আন্দোলন ছিল ভারতের স্বাধীনতা সংগ্রামের একটি প্রধান ভিত্তি। গান্ধিজির নেতৃত্বে ১৯১৯ সালের রাওলাট আইন বিরোধী আন্দোলন, ১৯২০ সালের অসহযোগ আন্দোলন, ১৯৩০ সালের লবণ সত্যাগ্রহ এবং ১৯৪২ সালের ভারত ছাড়ো আন্দোলন ভারতীয় জনতাকে এক সুদৃঢ় জাতীয় শক্তিতে রূপান্তরিত করে। একই সঙ্গে সশস্ত্র সংগ্রামও চলতে থাকে। অনুশীলন সমিতি, হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন (HSRA) এবং আজাদ হিন্দ ফৌজ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে।
এ ছাড়া সাংস্কৃতিক ও বৌদ্ধিক জাগরণও ছিল সমান গুরুত্বপূর্ণ। রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সুব্রহ্মণ্য ভারতী প্রমুখ সাহিত্যিক ও কবি জাতীয় চেতনা জাগিয়ে তুলেছিলেন। ‘বন্দে মাতরম’ গান ও ‘জন গণ মন’ জাতীয় সঙ্গীত হয়ে ওঠে। লর্ড মাউন্টব্যাটেনের পরিকল্পনা অনুযায়ী ভারত ও পাকিস্তান দুটি স্বাধীন রাষ্ট্রে বিভক্ত হয়। জওহরলাল নেহরু মধ্যরাতে ‘Tryst with Destiny’ ভাষণে নতুন ভারতের স্বপ্ন ঘোষণা করেন। তবে এই স্বাধীনতা বিভাজনের বেদনা নিয়ে আসে— লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়, সহিংসতায় প্রাণ হারায় অসংখ্য নিরীহ মানুষ। স্বাধীনতা তাই আনন্দের সঙ্গে বেদনারও স্মারক।
১৫ আগস্ট, এই দিনটি আমাদের জাতীয় ইতিহাসে গর্ব ও আবেগের এক অনন্য প্রতীক। ১৯৪৭ সালের এই দিনে ভারতবর্ষ দাসত্বের অন্ধকার গহ্বর থেকে মুক্তির সূর্যোদয় দেখেছিল। প্রায় দুই শতাব্দীর পরাধীনতার শৃঙ্খল ছিন্ন করে আমাদের মাতৃভূমি স্বাধীনতার শপথ নিয়েছিল। অসংখ্য বিপ্লবী, দেশপ্রেমিক ও সাধারণ মানুষ তাঁদের রক্ত, ঘাম, অশ্রু ও জীবন দিয়ে যে স্বাধীনতা এনে দিয়েছেন, তা নিছক একটি রাজনৈতিক পরিবর্তন নয়— এটি একটি জাতির আত্মমর্যাদা, পরিচয় ও অস্তিত্বের পুনর্জাগরণ।
স্বাধীনতা দিবস (Independence Day) আমাদের জন্য কেবল আনন্দের নয়, এটি গভীর আত্মসমালোচনারও সময়। ইতিহাসের পাতা ওল্টালে দেখা যায়, আমাদের স্বাধীনতা সংগ্রামের পথ ছিল দীর্ঘ, কঠিন ও রক্তমাখা। মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলন, নেতাজি সুভাষচন্দ্র বসুর অগ্নিঝরা আহ্বান, ভগৎ সিং, ক্ষুদিরাম বসু, প্রীতিলতা ওয়াদ্দেদারসহ অসংখ্য শহিদদের আত্মত্যাগ— সব মিলিয়ে গড়ে উঠেছিল স্বাধীনতার সেই অটুট সেতুবন্ধন।
তাঁদের স্বপ্ন ছিল একটি শোষণমুক্ত, সমানাধিকারের ভারত, যেখানে প্রতিটি নাগরিক মর্যাদা ও নিরাপত্তা নিয়ে বাঁচতে পারবে। কিন্তু স্বাধীনতার প্রায় আট দশক পরেও আমরা কি তাঁদের সেই স্বপ্ন পূরণ করতে পেরেছি? স্বাধীনতা মানে শুধু শত্রুর শাসনমুক্ত হওয়া নয়, এটি অর্থনৈতিক স্বাধীনতা, সামাজিক সমতা ও সাংস্কৃতিক মুক্তিরও প্রতীক। আজও আমাদের সমাজে দারিদ্র্য, বেকারত্ব, দুর্নীতি, লিঙ্গবৈষম্য ও ধর্মীয় অসহিষ্ণুতা রয়ে গেছে। গ্রামীণ ভারতের বহু মানুষ এখনও মৌলিক অবকাঠামোর অভাবে দিন কাটাচ্ছেন পরিষ্কার জল, পর্যাপ্ত স্বাস্থ্যসেবা, মানসম্মত শিক্ষা তাঁদের নাগালের বাইরে। শহুরে এলাকায়ও বায়ুদূষণ, যানজট, অপরাধ এবং ভোগবাদী মানসিকতা আমাদের সামাজিক কাঠামোকে প্রভাবিত করছে।
স্বাধীনতার (Independence Day) সত্যিকারের অর্থ বুঝতে হলে আমাদের মনে রাখতে হবে— অধিকার ও কর্তব্য একে অপরের পরিপূরক। একজন সৎ ও সচেতন নাগরিক হওয়া স্বাধীনতার সবচেয়ে বড় দায়িত্ব। আইন মেনে চলা, সামাজিক সম্প্রীতি বজায় রাখা, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ—এসবই স্বাধীনতার মর্যাদা রক্ষার অবিচ্ছেদ্য অংশ। ভোটের দিনে ভোট দেওয়া যেমন আমাদের অধিকার, তেমনই সঠিক ও যোগ্য প্রার্থী বেছে নেওয়াও আমাদের কর্তব্য। আজকের তরুণ প্রজন্মের ভূমিকা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রযুক্তি, বিজ্ঞান, সংস্কৃতি ও শিক্ষায় তাঁদের সৃজনশীলতা দেশকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। কিন্তু এই অগ্রযাত্রা তখনই অর্থবহ হবে, যখন তা নৈতিকতা ও মানবিকতার ভিত্তিতে দাঁড়াবে। কেবল ব্যক্তিগত সাফল্য নয়, সমাজ ও দেশের উন্নয়নের প্রতি অঙ্গীকারবদ্ধ হওয়াই হবে প্রকৃত দেশপ্রেম।
স্বাধীনতার সবচেয়ে বড় অর্জন ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা। স্বাধীনতার পর ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে। ১৯৫০ সালের সংবিধান নাগরিক অধিকার ও মৌলিক স্বাধীনতার নিশ্চয়তা দেয়। অর্থনৈতিক উন্নয়নের পথে ভারত ঔপনিবেশিক অর্থনীতি থেকে মুক্ত হয়ে শিল্প, কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তিতে অগ্রগতি সাধন করে। সামাজিক সংস্কারের ক্ষেত্রেও উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হয়— অস্পৃশ্যতা বিলোপ, নারীশিক্ষার প্রসার এবং দলিত ও অনগ্রসর শ্রেণির উন্নয়ন। আন্তর্জাতিক ক্ষেত্রে স্বাধীন ভারত নিরপেক্ষ আন্দোলনের (NAM) অন্যতম নেতা হয়ে ওঠে।
ভারতের স্বাধীনতা বিশ্বের অন্যান্য উপনিবেশের মুক্তি সংগ্রামের জন্য অনুপ্রেরণা হয়ে ওঠে। আফ্রিকা, এশিয়া ও লাতিন আমেরিকার বহু দেশ ভারতের উদাহরণ অনুসরণ করে। ভারতের অহিংস আন্দোলনের কৌশল মার্টিন লুথার কিং জুনিয়র, নেলসন ম্যান্ডেলা প্রমুখ নেতাকে গভীরভাবে প্রভাবিত করে। স্বাধীনতা দিবসের তাৎপর্য কেবল অতীতের স্মৃতি নয়, বর্তমানেও এর রক্ষণা-বেক্ষণ জরুরি। অর্থনৈতিক বৈষম্য, ধনী-গরিবের ফারাক, সামাজিক অসহিষ্ণুতা, জাতি-ধর্ম-ভাষা ও আঞ্চলিক বিভাজন মাঝে মাঝে জাতীয় ঐক্যকে ক্ষুণ্ণ করে। উন্নয়নের দৌড়ে পরিবেশের অবক্ষয় ও প্রাকৃতিক সম্পদের ক্ষয় বাড়ছে। ডিজিটাল যুগে তথ্য সুরক্ষা ও সাইবার নিরাপত্তা একটি নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।
স্বাধীনতা দিবস (Independence Day) আমাদের মনে করিয়ে দেয়, ঐক্যের শক্তি কতটা অসাধারণ। ধর্ম, ভাষা, বর্ণ, অঞ্চল— এসব বৈচিত্র্যের মাঝেও আমরা সবাই ভারতীয়। আমাদের বহুত্ববাদী সংস্কৃতি ও সহাবস্থানের ঐতিহ্যই আমাদের আসল শক্তি। এই ঐক্য যদি ভেঙে যায়, তবে স্বাধীনতার অস্তিত্বই বিপন্ন হবে। তাই বিভাজনমূলক রাজনীতি, ঘৃণা ও সহিংসতা থেকে দূরে থেকে পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতা বাড়ানোই হবে আমাদের দায়িত্ব। স্বাধীনতার মূল্য শুধু তখনই টিকে থাকবে, যখন আমরা একে প্রজন্ম থেকে প্রজন্মে সযত্নে পৌঁছে দেব। শিশুদের মধ্যে দেশপ্রেম, মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধের বীজ বপন করতে হবে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে।
ইতিহাস জানাতে হবে, যাতে তারা বুঝতে পারে স্বাধীনতা কত ত্যাগ ও সংগ্রামের ফল। তখনই তারা এই উপহারকে যথাযথভাবে মূল্যায়ন করতে পারবে। আজ, যখন আমরা স্বাধীনতার ৭৯তম বর্ষ উদযাপন করছি, তখন আমাদের শপথ নিতে হবে— আমরা দেশকে শুধু ভোগের নয়, গড়ার মনোভাব নিয়ে ভালবাসব। আমরা পরিবেশ রক্ষা করব, নারী-পুরুষ সমতার জন্য কাজ করব, দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াব এবং প্রযুক্তিকে মানবকল্যাণে ব্যবহার করব। স্বাধীনতা আমাদের জন্য একদিকে গৌরব, অন্যদিকে চিরন্তন দায়িত্ব। যারা স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন, তাঁদের কাছে আমাদের সবচেয়ে বড় শ্রদ্ধাঞ্জলি হবে তাঁদের স্বপ্ন পূরণ করা। যদি আমরা সৎ, ঐক্যবদ্ধ ও সক্রিয় হই, তবে স্বাধীনতার আলো আগামী শতাব্দীতেও অটুট থাকবে এবং আমাদের প্রজন্মকে আলোকিত করবে। জয় হিন্দ!






