Kaun Banega Crorepati: উর্দি পরে ‘কৌন বনেগা ক্রোড়পতি’-তে সেনা অফিসাররা, কেন সমালোচনার মুখে কুইজ শো?
পেশাদারি সেনাবাহিনী থাকা যে কোনও দায়িত্বশীল দেশে উর্দি পরে সেনা অফিসারদের বেসরকারি বিনোদনমূলক শোতে হাজির করা অভাবনীয়।
Truth of Bengal: টিভি শো-তে বাহিনীর পোশাকে সোফিয়া কুরেশি, ব্যোমিকা সিং ও প্রেরণা দেওস্থলী। স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ টিভি কুইজ শো কৌন বনেগা ক্রোড়পতি-তে ‘অপারেশন সিঁদুর’-এ যুক্ত তিন মহিলা সেনা অফিসারকে আমন্ত্রণ জানানোয় বিরোধীদের তীব্র সমালোচনা শুরু হয়েছে। বুধবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে কেরল কংগ্রেস অভিযোগ করেছে, পেশাদারি সেনাবাহিনী থাকা যে কোনও দায়িত্বশীল দেশে উর্দি পরে সেনা অফিসারদের বেসরকারি বিনোদনমূলক শোতে হাজির করা অভাবনীয়।কেরল কংগ্রেসের বক্তব্য, কর্নেল সোফিয়া কুরেশি, মেজর ব্যোমিকা সিং ও মেজর প্রেরণা দেওস্থলীকে উর্দি পরা অবস্থায় অনুষ্ঠানে দেখা যাচ্ছে। সেখানে তাঁরা সঞ্চালক অমিতাভ বচ্চনের সামনে সেনা অভিযানের খুঁটিনাটি বর্ণনা করবেন। আর তা নিয়ে শুরু হয়ে গিয়েছে বিতর্ক (Kaun Banega Crorepati)।
আরও পড়ুন: ধূমকেতুর সাফল্য কামনায় নৈহাটির বড় মার মন্দিরে দেব-শুভশ্রী, দেখুন ভিডিয়ো
ইতিমধ্যেই প্রিরেকর্ডেড এই অনুষ্ঠানের বিজ্ঞাপন টিভি চ্যানেল, ফেসবুক ও টুইটারে প্রচারিত হচ্ছে। কংগ্রেসের দাবি, পেশাদারি সেনাবাহিনী আছে এমন কোনও বড় দেশে এমন কাণ্ড ভাবাই যায় না। কিন্তু এটাই হল নরেন্দ্র মোদীর নব ভারতের দৃষ্টিভঙ্গি। শুধু কংগ্রেস নয় উদ্ধব সেনার মুখপাত্র প্রিয়ঙ্কা চতুর্বেদীও কড়া সমালোচনা করেছেন। তাঁর অভিযোগ, যে টিভি নেটওয়ার্ক শিগগিরই এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ সম্প্রচার করে কোটি কোটি টাকা আয়ের পরিকল্পনা করছে, সেই একই নেটওয়ার্ক সেনা বীরাঙ্গনাদের উর্দি পরে বিনোদনমূলক শোতে হাজির করছে। তিনি উল্লেখ করেন, এই সংস্থা ২০৩১ সাল পর্যন্ত এশিয়া কাপ সম্প্রচারের স্বত্বাধিকারী। চতুর্বেদীর কথায়, ‘এই কোম্পানিই ভারত-পাকিস্তান ক্রিকেট দেখিয়ে বিজ্ঞাপনী মুনাফা লুটবে, আবার সেনাবাহিনীর বীরত্বকেও প্রচারে ব্যবহার করবে।’ একটি রিয়েলিটি শোতে উপস্থিত হয়ে অভিযান সম্পর্কে কথা বলা নিয়ে শুধুমাত্র বিরোধীরাই নন সরব হয়েছে নেটিজেনরাও। তাদের দাবি, ‘ সশস্ত্র বাহিনীর প্রোটোকল কিভাবে এই শোতে অফিসারদের পাঠানোর অনুমতি দেয় (Kaun Banega Crorepati)?’
View this post on Instagram
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/
প্রকাশিত টিজারে দেখা যাচ্ছে, অমিতাভ বচ্চন মঞ্চে তিন সেনা অফিসারকে আড়ম্বরে স্বাগত জানাচ্ছেন। প্রচারে কর্নেল সোফিয়া কুরেশি ‘অপারেশন সিঁদুর’-এর কারণ ব্যাখ্যা করে বলেন, ‘ পাকিস্তান বারবার এ ধরনের জঙ্গি হামলা চালিয়ে আসছে। এর জবাব দেওয়া জরুরি ছিল। সেই কারণেই অপারেশন সিঁদুরের পরিকল্পনা হয়।‘ বলা বাহুল্য, সশস্ত্র বাহিনীর সেনাবাহিনীর পোশাকের নিয়ম অনুসারে, সাংস্কৃতিক অনুষ্ঠান বা সামাজিক সমাবেশে অফিসিয়াল পোশাক পরা যাবে না। তাছাড়া, জনসাধারণের স্থান বা রেস্তোরাঁয় যাওয়ার সময়, গণপরিবহনে ভ্রমণ করার সময় বা বেসামরিক বিমানে ভ্রমণ করার সময় এটি পরা যাবে না। তাই সেনাবাহিনীর পোশাক পরে সোফিয়া কুরেশি, ব্যোমিকা সিং ও প্রেরণা দেওস্থলী রিয়্যালিটি শোতে যেতেই শুরু বিতর্ক (Kaun Banega Crorepati)।






