সেনাবাহিনীতে দেশসেবার সুবর্ণ সুযোগ! ২৫ হাজার শূন্যপদে নিয়োগ, জানুন আবেদনের শেষ তারিখ
নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের জন্য আকর্ষণীয় বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে।
Truth of Bengal: ভারতীয় সেনাবাহিনীতে অগ্নিবীর হিসেবে দেশসেবার স্বপ্ন পূরণ করার সুবর্ণ সুযোগ এসে গেছে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য অগ্নিবীর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে জেনারেল ডিউটি, টেকনিক্যাল, ক্লার্ক/স্টোরকিপার টেকনিক্যাল, ট্রেডসম্যান, সোলজার ফার্মা, নার্সিং অ্যাসিস্ট্যান্ট এবং মহিলা মিলিটারি পুলিশ সহ বিভিন্ন বিভাগে মোট ২৫ হাজার শূন্যপদে প্রার্থী নিয়োগ করা হবে।
আগ্রহী প্রার্থীদের জন্য আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে গত ১৩ ফেব্রুয়ারি থেকে। আবেদনের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১ এপ্রিল, ২০২৬। ইচ্ছুক প্রার্থীরা ভারতীয় সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট joinindianarmy.nic.in-এ গিয়ে অনলাইনে তাদের আবেদন জমা দিতে পারবেন। নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের জন্য আকর্ষণীয় বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে। প্রথম বছরে মাসে ৩০ হাজার টাকা বেতন দেওয়া হবে, যা প্রতি বছর ৫ হাজার টাকা করে বেড়ে চতুর্থ বছরে ৪০ হাজার টাকায় পৌঁছাবে। বেতনের একটি অংশ অগ্নিবীর কর্পাস ফান্ডে জমা হবে এবং চার বছর পর প্রার্থীরা সেবা নিধি প্যাকেজ হিসেবে একটি মোটা অঙ্কের টাকা পাবেন।
অগ্নিবীর নির্বাচনের ক্ষেত্রে তিনটি ধাপ অনুসরণ করা হবে। প্রথম ধাপে কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষা বা সিবিটি নেওয়া হবে। এতে উত্তীর্ণ হলে প্রার্থীদের পরবর্তী ধাপ অর্থাৎ রিক্রুটমেন্ট র্যালিতে ডাকা হবে। সবশেষে সফল প্রার্থীদের নথিপত্র যাচাই বা ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে। লিখিত পরীক্ষার পাঠ্যসূচিতে সাধারণ জ্ঞান, সাধারণ বিজ্ঞান, গণিত এবং লজিক্যাল রিজনিংয়ের মতো বিষয়গুলো থাকবে। পদের ধরন অনুযায়ী পরীক্ষার নম্বর ও প্রশ্ন কাঠামো ভিন্ন ভিন্ন হবে। যেমন জেনারেল ডিউটি পদের জন্য ১০০ নম্বরের পরীক্ষা হলেও টেকনিক্যাল বা ক্লার্ক পদের জন্য ২০০ নম্বরের পরীক্ষা দিতে হবে।
শারীরিক সক্ষমতা যাচাইয়ের জন্য রিক্রুটমেন্ট র্যালিতে প্রার্থীদের ১.৬ কিলোমিটার দৌড়, পুল-আপস, ৯ ফুট গর্ত পার হওয়া এবং জিগ-জ্যাগ ব্যালেন্সিংয়ের মতো কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর শারীরিক মাপজোক এবং ডাক্তারি পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের চূড়ান্ত নির্বাচন করা হবে। দেশের তরুণ প্রজন্মের কাছে এটি কেবল একটি চাকরি নয়, বরং বীরত্বের সাথে মাতৃভূমি রক্ষা করার এক অনন্য সুযোগ।






