Relationship Meaning: আধুনিক জীবনে সম্পর্কের সঙ্কট
সম্পর্ক কোনও জড় বস্তু নয় যা পরিমাপযোগ্য।
মহম্মদ মফিজুল ইসলাম: মানুষ সামাজিক জীব। তার বেঁচে থাকা, বেড়ে ওঠা, অনুভব, বিকাশ— সবকিছুর মাঝেই রয়েছে সম্পর্ক নামক এক অদৃশ্য অথচ শক্তিশালী বন্ধন। সম্পর্ক এক অব্যক্ত অথচ প্রবল সত্তা, যা জন্ম দেয় প্রেমের, দ্বন্দ্বের, বিশ্বাসের ও বিভ্রান্তির। একটি সার্থক সম্পর্ক মানুষকে করে পরিপূর্ণ; একটি ভঙ্গুর সম্পর্ক ধ্বংস করে দেয় আত্মার গভীরতম শান্তিকে। সম্পর্কের সেতুবন্ধনেই গড়ে ওঠে সমাজ, সংস্কৃতি এবং সভ্যতা। সম্পর্ক কোনও জড় বস্তু নয় যা পরিমাপযোগ্য। এটি সময়, অনুভূতি, দায়িত্ব, আস্থা, ত্যাগ আর বোঝাপড়ার এক জটিল সংমিশ্রণ। সম্পর্কের ভিত্তি কখনও জন্মসূত্রে, কখনও হৃদয়ের আকর্ষণে, আবার কখনও কর্তব্য বা প্রয়োজন দ্বারা গঠিত। মা-সন্তানের সম্পর্ক প্রকৃতির উপহার; বন্ধুত্ব গড়ে ওঠে পারস্পরিক বোঝাপড়া আর একান্ত অনুভব থেকে; আর প্রেমের সম্পর্ক— তা তো এক মানবিক বিস্ময় (Relationship Meaning)।
তবে সম্পর্ক শুধু মধুরতাই বহন করে না। এর গভীরে লুকিয়ে থাকে সহ্য, আত্মসংযম, বিশ্বাসভঙ্গ, ভুল বোঝাবুঝি এবং মাঝে মাঝে আত্মত্যাগের কষ্ট। এক কথায়, সম্পর্ক মানে শুধু পাশে থাকা নয়, পাশে থেকে অনুভব করাও। আধুনিক জীবনে এখন সম্পর্কের সংকট। বর্তমান বিশ্বে প্রযুক্তি যত এগিয়েছে, মানুষ ততটাই একা হয়েছে। স্মার্টফোন, সোশ্যাল মিডিয়া আর ভার্চুয়াল যোগাযোগ যতটা সহজ করেছে সংযোগ, ততটাই দুর্বল করেছে সম্পর্কের গভীরতা। আমরা এখন চোখের দিকে না তাকিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে কথা বলি। অনুভূতির জায়গা নিয়েছে ‘ইমোজি’, প্রশ্নের জায়গা নিয়েছে ‘রিয়েল টাইম স্ট্যাটাস’, আর বাস্তব উপস্থিতির জায়গা নিয়েছে ‘অনলাইন প্রেজেন্স’ (Relationship Meaning)।
আরও পড়ুন: DVC: ফের বৃষ্টি ও ডিভিসির জলে প্লাবিত ঘাটাল! দু’ দিনে মৃত্যু ৩ জনের
এর ফলে সম্পর্ক হয়ে উঠছে ভঙ্গুর, সময়সাপেক্ষ, সুবিধাভোগী। মা-বাবা আর সন্তানের মাঝে বেড়ে উঠছে দূরত্ব; দাম্পত্যে ঘন ঘন বিভাজন; বন্ধুত্বে ভর করছে সন্দেহ ও প্রতিযোগিতা। আমরা বিশ্বাসের তুলনায় সন্দেহে বেশি দক্ষ হয়ে উঠেছি।সম্পর্কে প্রয়োজন বোঝাপড়া ও সংযম। একটি সুস্থ সম্পর্ক গড়ে তুলতে হলে প্রয়োজন পারস্পরিক বোঝাপড়া। বোঝাপড়া মানে একে অপরের দৃষ্টিভঙ্গি বুঝতে চাওয়া, অনুভব করা। সম্পর্কের সবচেয়ে বড় শত্রু হলো ‘আমি-তুমির সংঘর্ষ’— যেখানে নিজেকে প্রাধান্য দিতে গিয়ে আমরা ভুলে যাই, সম্পর্ক মানেই এক সঙ্গে চলার দায়ভার গ্রহণ করা। তেমনই প্রয়োজন সংযম। প্রতিটি সম্পর্কেই আসে ক্ষোভ, বিরক্তি, ক্লান্তি। কিন্তু তাতেই যদি আমরা সম্পর্ক ছুড়ে ফেলি, তবে সম্পর্ক তো এক ব্যবহার্য সামগ্রী হয়ে দাঁড়ায়। সম্পর্ক টিকে থাকে শুধু ভাল সময়ে নয়, খারাপ সময়েও পাশে দাঁড়ানোর দায়বদ্ধতায় (Relationship Meaning)।
ক্ষমা ও ধৈর্য– সম্পর্কের মূল স্তম্ভ
একটি ছোট ভুল, একটি কটু বাক্য, একটি বোঝার অভাব— এসবই একটি ভালবাসার সম্পর্ককে ফাটল ধরাতে পারে। তাই প্রয়োজন ক্ষমা। ক্ষমা কেবল অন্যকে নয়, নিজেকেও মুক্তি দেয়। সম্পর্ক টিকিয়ে রাখতে হলে আমাদের শিখতে হবে ভুলকে মানতে, ক্ষমা করতে, এবং আবার নতুন করে শুরু করতে। ধৈর্যও তেমনই অপরিহার্য। অনেক সময় প্রিয় মানুষটি বোঝে না, দূরে সরে যায়, কিংবা ভুল করে ফেলে। তখন রাগ নয়, অপেক্ষা করতে জানতে হয়— যাতে সে ফিরে আসতে পারে। সম্পর্ক মানে তো আর প্রতিযোগিতা নয়, এটা একধরনের সহযাত্রা— কখনও ধীরে, কখনও ঝড়ের মধ্যেও। স্বার্থ নয়, সেবাই হোক সম্পর্কের ভিত্তি। আজকের সমাজে সম্পর্ক গড়ে উঠছে সুবিধা ও প্রয়োজনে। যখন প্রয়োজন ফুরায়, সম্পর্কও তার যৌক্তিকতা হারায়। কিন্তু প্রকৃত সম্পর্ক কখনও স্বার্থনির্ভর হয় না। মা তার সন্তানের জন্য রাত জেগে থাকে কোনও স্বার্থে নয়; বন্ধু বিপদের দিনে পাশে থাকে কারণ সে সম্পর্ককে দায়িত্ব হিসেবে নেয়; আর ভালবাসার মানুষ প্রতিকূলতায়ও ছাড়ে না কারণ সেখানে আত্মা জড়িয়ে থাকে আত্মার সঙ্গে। সম্পর্কে সেবা মানে আত্মবিসর্জন নয়, বরং একধরনের আনন্দ। আমরা যখন নিঃস্বার্থভাবে কাউকে ভালবাসি বা পাশে থাকি, তখন সেই সম্পর্ক এক পরম শান্তির উৎস হয়ে দাঁড়ায় (Relationship Meaning)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/
ধর্মীয় ও দার্শনিক প্রেক্ষাপটে সম্পর্ক
ইসলামে, খ্রিস্টধর্মে, হিন্দুধর্মে— প্রতিটি ধর্মেই সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কুরআনে পিতামাতা, আত্মীয়স্বজন ও প্রতিবেশীর সঙ্গে সদ্ব্যবহারকে ঈমানের অঙ্গ হিসেবে দেখা হয়। হাদিসে বলা হয়, ‘যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না।’ (সহীহ মুসলিম) তেমনই গীতা, বেদ বা উপনিষদেও বলা হয়েছে, ‘পরকে আপন জ্ঞান করাই প্রকৃত ধর্ম।’ অর্থাৎ, আত্মার সঙ্গে আত্মার সম্পর্কই হল চরম সত্য—যেখানে স্বার্থ, অবিশ্বাস, অহঙ্কার নেই। সম্পর্ক একটি সূক্ষ্ম শিল্প। একে রক্ষা করতে হয় যত্নে, বিশ্বাসে, সময় দিয়ে, মনোযোগ দিয়ে। সম্পর্ক মানেই প্রতিদিন একটু একটু করে নির্মাণ করা এক ভালবাসার মন্দির— যা ধসে যেতে পারে অবহেলায়, আবার টিকেও থাকতে পারে নীরব আন্তরিকতায়।আজকের ব্যস্ত পৃথিবীতে আমাদের সবচেয়ে বেশি দরকার সম্পর্কের প্রতি যত্নশীল হওয়া। প্রযুক্তি হোক, পেশাগত জীবন হোক কিংবা ব্যাক্তিগত সময়— সব কিছুর মাঝেও আমাদের মানসিক ও মানবিক দায়িত্ব হল, সম্পর্ককে সঠিক গুরুত্ব দিয়ে, হৃদয়ের উষ্ণতায় বাঁচিয়ে রাখা। শুধু তখনই আমরা সত্যিকারের মানুষ হতে পারি— যখন কোনও না কোনও সম্পর্কের মধ্য দিয়ে, কাউকে পাশে রেখে, কাউকে আপন করে, কাউকে ভালবেসে আমরা এগিয়ে যেতে পারি সময়ের অনন্ত পথ ধরে (Relationship Meaning)।






