দিনমজুর থেকে রাতারাতি কোটিপতি! ২০৮ ঢাকি নিয়ে চলল উদযাপন
From daily wage laborer to overnight millionaire! Celebrations with 208 drummers

Truth of Bengal: নদিয়ার তেহট্টের এক দিনমজুরের জীবনে এল অভাবনীয় মোড়। লটারিতে ১ কোটি টাকা জিতে তিনি এখন পুরো গ্রামে আলোচনার কেন্দ্রবিন্দু। তার নাম পলাশ। সাধারণত দৈনিক ১০০ থেকে ২০০ টাকা রোজগার করেন তিনি। কিন্তু এবার ভাগ্যের পরিহাসে তিনি পেলেন ১ কোটি টাকা। এই আনন্দে তিনি আয়োজন করলেন এক বিরাট কালী পুজো এবং শোভাযাত্রার, যেখানে উপস্থিত ছিল ২০৮ জন ঢাকি।
পলাশ জানান, তিনি কখনই আশা করেননি যে প্রথম পুরস্কার পাবেন। তিনি বলেন, “সব মায়ের ইচ্ছা। আমি দিনে দিনে অল্প আয়ে সংসার চালাই। সেখানে এমন বিশাল অঙ্কের টাকা পাওয়াটা স্বপ্নের মতো। তাই মনে হল মায়ের জন্য কিছু করতেই হবে। ঢাকি, পুজো, খাওয়ার ব্যবস্থা সবকিছু তাঁরই ইচ্ছায় সম্ভব হল।”
নদিয়া, মুর্শিদাবাদ এবং দুই ২৪ পরগণা থেকে ঢাকিরা এসেছিলেন এই শোভাযাত্রায়। প্রায় ১০,০০০ মানুষের জন্য খাওয়ার আয়োজন করা হয়। ৮ থেকে ৮০—সব বয়সের মানুষ অংশ নেন এই উৎসবে। রাস্তার দু-পাশে ভিড় জমে শোভাযাত্রা দেখতে। নাজিপুর বাজার কমিটির সম্পাদক নবকুমার সাহা বলেন, “আগে অনেকেই লটারি জিতেছেন। কিন্তু এ ভাবে গ্রামবাসীদের নিয়ে উৎসব করতে কাউকে দেখিনি। আমরা সবাই খুব খুশি।”
লটারির খবর পাওয়ার পর পলাশ প্রথমে আতঙ্কিত ছিলেন। কয়েক দিন তিনি বাড়ি ছেড়ে অন্যত্র চলে যান নিরাপত্তার অভাব বোধ করে। সম্প্রতি লটারির টাকাপ্রাপ্তি নিয়ে কেন্দ্রীয় সংস্থা অভিযান চালিয়েছে, যেখানে কয়েক কোটি টাকা উদ্ধার হয়েছে। এই পরিস্থিতিতে প্রথমে উদ্বেগে থাকলেও, কালী পুজো ও শোভাযাত্রার মাধ্যমে পলাশ এখন এক অন্য মেজাজে।
তেহট্টের মানুষের জীবনে হঠাৎ আসা এই উৎসব যেন হয়ে উঠেছে এক আনন্দময় স্মৃতি, যেখানে সাধারণ এক দিনমজুর ভাগ্যের আশীর্বাদে নিজের আনন্দ সকলের সাথে ভাগ করে নিলেন।






