পরিচ্ছন্নতার নামে বিনা অনুমতিতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে কাটা হল অর্ধশতাধিক গাছ
Over 50 trees cut down at Sylhet Agricultural University without permission in the name of cleanliness

Truth Of Bengal: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ঘটনা। উপাচার্যের বাংলো সহ শহীদ মিনার ও অডিটরিয়াম এলাকার টিলা থেকে কেটে ফেলা হয়েছে একাধিক গাছ। অভিযোগ, এই গাছগুলি কাটার ক্ষেত্রে অনুমতি নেওয়া হয়নি বনবিভাগের। ওই বিশ্ববিদ্যালয়ের একাধিক কর্মকর্তা ও শিক্ষার্থীর অভিযোগ, দিন কয়েক ধরেই বিশ্ববিদ্যালয়ের ঝোপ জঙ্গল পরিষ্কারের নামে আকাশমণি সহ নানান প্রজাতির গাছ কেটে ফেলা হয়েছে।
সূত্র মারফত খবর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার তরফ থেকে কেটে ফেলা হয়েছে সেই সমস্ত গাছ। সিলেট বিভাগীয় বন কর্মকর্তা জানান, এই খবর ছড়িয়ে পড়তেই তৎক্ষনাৎ সেখানে আধিকারিকদের পাঠিয়ে সেই গাছ কাটার কাজ বন্ধ করা হয়। এছাড়াও বন বিভাগ থেকে জানানো হয় এই গাছ কাটার বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে বনবিভাগের কাছ থেকে কোনও অনুমতি নেয়নি।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার তরফ থেকে জানানো হয়, গাছের ডালপালা সহ পরিষ্কারের কাজ করতে গিয়ে ছোট-বড় একাধিক গাছ ভুল বশত কাটা হয়ে যায়। সেই সঙ্গে জানানো হয়, ওই সমস্ত কাটা গাছ আসবাব তৈরির কাজে ব্যবহারের অনুপযোগী। কেটে ফেলা গাছগুলোর জায়গায় আবার নতুন করে গাছ লাগানো হবে বলেও জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা।






