ডালখোলায় নদীর ধারে উদ্ধার মহিলার গলা কাটা দেহ, চাঞ্চল্য এলাকায়
Woman's body found with throat slit in Dalkhola river
Truth Of Bengal: উত্তর দিনাজপুরের ডালখোলা থানা এলাকায় এক মহিলার নৃশংস হত্যাকাণ্ড ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার সকালে সুধানী নদীর ধারে তাঁর গলা কাটা দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, তাঁকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত মহিলা করণদিঘি রানিগঞ্জ পঞ্চায়েত এলাকার বাসিন্দা। শুক্রবার দুপুরে তিনি ঘাস কাটতে বেরিয়েছিলেন, কিন্তু আর বাড়ি ফেরেননি। সন্ধ্যা পেরিয়ে রাত হলেও খোঁজ না মেলায় পরিবার ডালখোলা থানায় অভিযোগ জানায়। পরদিন সকালে বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে তাঁর নিথর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
মহিলার পরিবারের দাবি, তিনি প্রায় আড়াই বছর আগে স্বামীর বাড়ি ছেড়ে সন্তানসহ মায়ের কাছে থাকতে শুরু করেন। তাঁর ভাই সরাসরি ধর্ষণ ও খুনের অভিযোগ তুলে সঠিক তদন্তের দাবি জানিয়েছেন।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। তদন্তকারীদের অনুমান, শ্বাসরোধ করে হত্যার পর দেহ বিকৃত করা হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
এই মর্মান্তিক ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অপরাধীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।






