গত ২৪ ঘণ্টায় নিষ্পত্তি ১ লক্ষের কম, সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশে কত দেরি? উঠছে প্রশ্ন
নির্ধারিত সময়সীমার মধ্যে বিপুল সংখ্যক অভিযোগ খতিয়ে দেখা নিয়ে প্রশাসনিক স্তরে চাপ বাড়ছে।
Truth Of Bengal: দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশে রাজ্যে ৬০ লক্ষেরও বেশি নথি-সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির দায়িত্ব পেয়েছেন জুডিশিয়াল অফিসাররা। তবে গত ২৪ ঘণ্টায় নিষ্পত্তির সংখ্যা ১ লক্ষেরও কম বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। ফলে নির্ধারিত সময়সীমার মধ্যে বিপুল সংখ্যক অভিযোগ খতিয়ে দেখা নিয়ে প্রশাসনিক স্তরে চাপ বাড়ছে।
পরিস্থিতি সামাল দিতে সোমবার রাত থেকেই পৃথক একটি অনলাইন পোর্টাল চালু করেছে নির্বাচন কমিশন। এই পোর্টাল শুধুমাত্র জুডিশিয়াল অফিসারদের জন্য নির্ধারিত। ইতিমধ্যেই প্রায় ২০০ জন জুডিশিয়াল অফিসার অভিযোগ নিষ্পত্তির কাজ শুরু করেছেন বলে কমিশন সূত্রে খবর।অভিযোগকারীদের জমা দেওয়া নথি খতিয়ে দেখে সংশ্লিষ্ট জুডিশিয়াল অফিসাররা একমত বা দ্বিমত পোষণ করতে পারেন।
সেই ক্ষেত্রে সর্বোচ্চ ১০০০ অক্ষরের মধ্যে পর্যবেক্ষণ লিখতে পারবেন তাঁরা। যদিও এই পর্যবেক্ষণ লেখা বাধ্যতামূলক নয় বলেই জানা গিয়েছে। রাজ্যে আসন্ন বিধানসভা ভোটের মনোনয়ন পর্ব চলাকালীনই যাতে ৬০ লক্ষের বেশি অভিযোগের নিষ্পত্তি সম্পূর্ণ করা যায়, আপাতত সেটাকেই লক্ষ্য হিসেবে স্থির করেছে কমিশন। তবে প্রতিদিনের নিষ্পত্তির হার যদি নিম্নমুখী থাকে, তা হলে নির্ধারিত সময়ের মধ্যে এই বিশাল সংখ্যক অভিযোগ নিষ্পত্তি করা সম্ভব হবে কি না, তা নিয়েই উঠছে প্রশ্ন।






