হাসপাতাল চত্বরে হাড়হিম করা দৃশ্য! কুকুরের মুখে মানুষের কাটা পা
ঘটনাটির ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই আতঙ্ক ও ক্ষোভ ছড়ায় বিভিন্ন মহলে
Truth of Bengal: একটি চাঞ্চল্যকর ঘটনার জেরে তোলপাড় সৃষ্টি হল অটল ইনস্টিটিউট অব মেডিক্যাল সুপার স্পেশালিটিজে (AIMSS)। মঙ্গলবার হাসপাতালের চত্বরে এক ভবঘুরে কুকুরকে একটি বিচ্ছিন্ন মানুষের পা মুখে করে ঘুরে বেড়াতে দেখা যায়। ঘটনাটির ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই আতঙ্ক ও ক্ষোভ ছড়ায় বিভিন্ন মহলে। জানা গিয়েছে, মঙ্গলবারই এই ঘটনা ঘটে। হাসপাতালের নিরাপত্তারক্ষীরা দ্রুত কুকুরটির কাছ থেকে অঙ্গটি উদ্ধার করার চেষ্টা করেন। তবে কুকুরটি আক্রমণাত্মক আচরণ করে পালিয়ে যায়। পরে হাসপাতালের চত্বরে অন্য একটি স্থানে সেটি মানব অঙ্গটি ফেলে রেখে যায়।
View this post on Instagram
ঘটনার পরপরই হাসপাতাল কর্তৃপক্ষ তদন্তে নামে। বিষয়টি খতিয়ে দেখতে একটি ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে ছিলেন নার্সিং সুপারিনটেনডেন্ট লীলাবতী, বায়োমেডিক্যাল ওয়েস্ট নোডাল অফিসার রাজেশ ভার্মা এবং ম্যাট্রন লীলা বোধ। মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কমিটির প্রাথমিক তদন্তে জানা যায়, উদ্ধার হওয়া পাটি ১৯ ফেব্রুয়ারি কার্ডিওথোরাসিক অ্যান্ড ভাসকুলার সার্জারি (CTVS) বিভাগে এক রোগীর হাঁটুর উপর থেকে কাটা অস্ত্রোপচারের অংশ। অর্থাৎ এটি একটি ‘অ্যাবাভ-নি অ্যামপুটেশন’-এর পর অবশিষ্ট মানব অঙ্গ।
তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর হাসপাতাল প্রশাসন সংশ্লিষ্ট স্যানিটেশন সুপারভাইজার ও কর্মীদের শো-কজ নোটিস জারি করেছে। কেন এই গুরুতর গাফিলতি ঘটল, তার লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাপ্ত উত্তরের ভিত্তিতে পরবর্তী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।


