West Bengal Election: চাকরি বাতিল হওয়া শিক্ষক-শিক্ষাকর্মীদের নিয়ে সতর্ক কমিশন
কমিশনের তরফে জানানো হয়েছে, রাজ্যের প্রায় আশি হাজারেরও বেশি বুথে বুথ লেভেল অফিসার নিয়োগ সম্পন্ন হয়েছে।
Truth of Bengal: আসন্ন নির্বাচনের আগে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল। চাকরি বাতিল হওয়া শিক্ষক-শিক্ষাকর্মীদের কোনওভাবেই বুথ লেভেল অফিসার হিসেবে নিয়োগ দেওয়া যাবে না, এমনই সতর্কবার্তা জারি করা হয়েছে রাজ্যের সব জেলায়। কমিশনের তরফে জানানো হয়েছে, রাজ্যের প্রায় আশি হাজারেরও বেশি বুথে বুথ লেভেল অফিসার নিয়োগ সম্পন্ন হয়েছে। তবে কিছু ক্ষেত্রে অফিসারদের তালিকা পুনরায় খতিয়ে দেখা হচ্ছে। প্রতিটি জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে বুথ লেভেল অফিসারদের তালিকা যাচাই করে নিশ্চিত করা হয়, চাকরি-বাতিলকৃত কোনও শিক্ষক বা শিক্ষাকর্মীর নাম সেই তালিকায় না থাকে।
বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, যেসব শিক্ষক-শিক্ষিকার চাকরি আদালতের নির্দেশে বাতিল হয়েছে, তাঁদের চাকরির মেয়াদ ৩১ ডিসেম্বর পর্যন্ত থাকলেও তাঁরা কোনওভাবেই বুথ লেভেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না। নির্বাচন কমিশনের মতে, এই সিদ্ধান্তের উদ্দেশ্য হল নির্বাচনী প্রক্রিয়াকে সম্পূর্ণ নিরপেক্ষ রাখা এবং ভবিষ্যতে কোনও আইনি জটিলতা এড়ানো। ইতিমধ্যেই রাজ্যের কয়েকটি জেলায় বুথ লেভেল অফিসারদের পরিবর্তন প্রক্রিয়া শুরু হয়েছে বলে সূত্রে জানা গেছে। কমিশনের এক কর্তা জানিয়েছেন, “বুথ লেভেল অফিসাররা নির্বাচনী প্রক্রিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। তাই তাঁদের নিয়োগের ক্ষেত্রে কোনও বিতর্কিত বা অযোগ্য ব্যক্তিকে রাখা যাবে না।” রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সমস্ত জেলা প্রশাসনকে সতর্ক করে দিয়েছে, নির্দেশ অমান্য করলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।






