রাজস্থানে ট্রাক ড্রাইভারকে পিটিয়ে হত্যা, অভিযোগের আঙ্গুল পঞ্চায়েত প্রধানের দিকে
Truth Of Bengal: বিজেপি শাসিত রাজস্থানে এক ট্রাক ড্রাইভারের মৃত্যু গণপিটুনিতে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে খয়েরথালে। নিহত সেই ট্রাক ড্রাইভারের নাম সময় দীন। জানা গিয়েছে, সেদিন রাতে তিনি মোটরসাইকেল করে গ্রামে ফিরছিলেন এবং তখন একদল লোক তাঁর মোটরসাইকেল থামান চামরোদা এবং মঞ্চা গ্রামের মাঝামাঝি এলাকায়। অভিযোগ, এরপর তাঁর ওপর লাঠি, লোহার রড এবং ফ্রেঞ্চ বেল্ট দিয়ে আক্রমণ করা হয়।
আরও পড়ুনঃ West Bengal Election: চাকরি বাতিল হওয়া শিক্ষক-শিক্ষাকর্মীদের নিয়ে সতর্ক কমিশন
সময়ের ভাই তাহির খান অভিযোগ দায়ের করেন কিষণগড় বাস থানায়। গ্রামের পঞ্চায়েত প্রধান হানিফ সহ ১৬ জনের নামে তিনি অভিযোগের আঙ্গুল তুলেছেন। তাহিরের অভিযোগ, আক্রমণের পর পঞ্চায়েত প্রধানের বাড়িতে নিয়ে যাওয়া হয় সময়কে এবং সেখানে তাঁকে আরও নৃশংসভাবে মারধর করা হয়। তিনি এটাও দাবি করেন যে ক্ষতবিক্ষত হয়ে যায় সময়ের শরীর।
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
তাহিরের অভিযোগে বলা হয়েছে, সেই রাতেই সময়কে মৃত ভেবে অভিযুক্তরা ফেলে দেয় কিষাণগড় বাস সরকারি হাসপাতালের গেটের কাছে। হাসপাতালের কর্মীরা চিকিৎসা করলেও তাঁর অবস্থার অবনতি হওয়ায় রেফার করা হয় আলওয়ারে এবং পথেই প্রাণ হারান তিনি। পরিবারের দাবি, মৃত্যুর আগে পুরো ঘটনা এবং যারা আক্রমণ করেছে, তাদের নাম জানান সময়। তাহির সকল অভিযুক্তের দ্রুত গ্রেফতারির দাবি জানিয়েছেন। পুলিশের তরফ থেকে খুনের মামলা দায়ের করে শুরু হয়েছে অভিযুক্তদের খোঁজে তল্লাশি। বলে রাখা ভালো, বিজেপি শাসিত রাজ্যগুলিতে গণপিটুনির জেরে হত্যার ঘটনা, এই প্রথম নয়। এর আগে বহুবার এমন ঘটনা উঠে এসেছে, যা জেনে শিউরে উঠেছিল গোটা দেশ।






