Birbhum: যত কাণ্ড SIR ক্যাম্পে! কী বললেন সাংসদ?
এমনই একটি ক্যাম্পে সাংসদ শতাব্দী রায়ের সামনেই তৃণমূলের দুই গোষ্ঠীর সদস্যরা হাতাহাতিতে জড়িয়ে পড়ে।
Truth of Bengal: রাজ্যজুড়ে যখন ‘স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন রিলিজ’ (এসআইআর) কর্মসূচি চলছে, তখন আমজনতার সমস্যা সমাধানের জন্য তৃণমূল কংগ্রেসের তরফেও জেলায় জেলায় ক্যাম্প খোলা হয়েছে। অভিযোগ, বৃহস্পতিবার বীরভূমের সিউড়িতে এমনই একটি ক্যাম্পে সাংসদ শতাব্দী রায়ের সামনেই তৃণমূলের দুই গোষ্ঠীর সদস্যরা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে সাংসদের গাড়ি লক্ষ্য করে জুতো ছোড়ার মতো ঘটনাও ঘটে।
সিউড়ির এসআইআর ক্যাম্পে সাংসদ শতাব্দী রায়ের সামনে হাতাহাতিতে জড়িয়ে পড়ে তৃণমূলের ২ গোষ্ঠীর সদস্যরা pic.twitter.com/Xmmptw2jI4
— TOB DIGITAL (@DigitalTob) November 20, 2025
জানা গিয়েছে, এদিন বীরভূমের সিউড়ি ২ নম্বর ব্লকের কোমা গ্রাম পঞ্চায়েতের গাংটে গ্রামের ক্যাম্পে এসআইআর নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। সেখানেই তৃণমূল অঞ্চল সভাপতি বলরাম বাগদির বিরুদ্ধে গ্রামবাসীর একাংশ ক্ষোভ উগরে দেন। এই ঘটনার সূত্র ধরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং তৃণমূলেরই দুই পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় সাংসদ শতাব্দী রায় অভিযুক্ত বলরাম বাগদিকে নিজের গাড়িতে তুলে নেন। এই পদক্ষেপের পরই বিক্ষোভ আরও চরমে ওঠে। লাঠি, বাঁশ নিয়ে একদল ছুটে যায় এবং সাংসদের গাড়ি লক্ষ্য করে জুতো ছোড়া হয়। সব মিলিয়ে এলাকায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।
যদিও এই ঘটনায় সাংসদ শতাব্দী রায়ের দাবি ভিন্ন। তাঁর মতে, এই অশান্তির নেপথ্যে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব নয়, বরং বিজেপি এবং সিপিএমের মতো বিরোধী দলের কর্মীরা জড়িত। তিনি সাফ জানান যে বিরোধী দলের কর্মীরাই এদিন বিক্ষোভ দেখিয়েছে এবং আসন্ন নির্বাচনে এর কোনো প্রভাব পড়বে না। প্রসঙ্গত, সিউড়ি ২ নম্বর ব্লকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব দীর্ঘদিনের। ব্লক সভাপতি নুরুল ইসলাম জেলা সভাধিপতি কাজল শেখের ঘনিষ্ঠ এবং অঞ্চল সভাপতি বলরাম বাগদির রাজনৈতিক ‘গুরু’ ছিলেন অনুব্রত মণ্ডলের শিবিরের এক নেতা। খবর অনুযায়ী, এই দুই শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা গত কয়েক বছরে বহুবার ঘটেছে।






