দেশ

Kanpur: কানপুরে ঘরে মিলল ৪ শ্রমিকের নিথর দেহ! কয়লার আগুনে শ্বাসরোধ

ফলে কার্বন ডাই অক্সাইড ভর্তি হয়ে যায় ঘর, আর তাতেই শ্বাসরোধ হয়ে ঘটে মর্মান্তিক মৃত্যু।

Truth of Bengal: উত্তরপ্রদেশের কানপুরে ঘরের ভিতর থেকে উদ্ধার চারজন শ্রমিকের মৃতদেহ। বৃহস্পতিবার সকালে পানকি শিল্পাঞ্চলের একটি ভোজ্য তেলের কোম্পানির অফিস ঘর থেকে উদ্ধার হয় তাঁদের দেহ। পুলিশের অনুমান  ঠান্ডা থেকে বাঁচতে ঘরের দরজা-জানলা বন্ধ করে কয়লার আগুন জ্বালিয়ে ঘুমিয়ে পড়েছিলেন শ্রমিকরা। ফলে কার্বন ডাই অক্সাইড ভর্তি হয়ে যায় ঘর, আর তাতেই শ্বাসরোধ হয়ে ঘটে মর্মান্তিক মৃত্যু।মৃত শ্রমিকরা হলেন— অমিত ভার্মা (৩২), সঞ্জু সিং (২২), রাহুল সিং (২৩) এবং দাউদ আনসারি (২৮)। চারজনেরই বাড়ি উত্তরপ্রদেশের দেউরিয়া জেলার তৌকালপুর গ্রামে। তাঁরা ওই তেলের কারখানায় কাজ করতেন এবং বুধবার রাতে কাজ শেষ করে অফিসের একটি ঘরেই ঘুমিয়ে পড়েছিলেন।

বৃহস্পতিবার সকালে শ্রমিকদের কোনো সাড়া না পেয়ে সন্দেহ জাগে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে ভিতরে ঢোকে এবং চারটি নিথর দেহ উদ্ধার করে। ঘর থেকে একটি জ্বলন্ত কয়লার ট্রেও পাওয়া যায়।প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ঘর সম্পূর্ণ বন্ধ থাকায় অক্সিজেন কমে যায়। তার মধ্যে কয়লার আগুন জ্বালানোয় তৈরি হয় বিষাক্ত কার্বন মনোঅক্সাইড। এটাই শ্বাসকষ্টের মাধ্যমে প্রাণ কেড়ে নেয় শ্রমিকদের।চারটি দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

Related Articles