ভোটে ব্যর্থতার পর প্রথম প্রতিক্রিয়া, নীতীশকে অভিনন্দন জানালেন তেজস্বী
এদিকে নীতীশের শপথ নেওয়া নিয়ে প্রশান্ত কিশোর যেখানে তীব্র সমালোচনা করেছেন, সেখানে তেজস্বীর সুর খানিকটা আলাদা—তিনি জোর দিলেন প্রতিশ্রুতি রক্ষার প্রসঙ্গে।
Truth Of Bengal: বিহার বিধানসভা নির্বাচনে আরজেডি-র ভরাডুবির পরে দীর্ঘ নীরবতা ভেঙে অবশেষে মুখ খুললেন লালুপুত্র তেজস্বী যাদব। বৃহস্পতিবার দশমবারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন জেডিইউ নেতা নীতীশ কুমার। আর সেই শপথগ্রহণ অনুষ্ঠানের পরই এক্স–এ পোস্ট করে তাঁকে অভিনন্দন জানালেন আরজেডি নেতা তেজস্বী।পোস্টে তেজস্বী লেখেন, বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার জন্য নীতীশ কুমারজিকে আন্তরিক অভিনন্দন। মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেওয়া সকলকেও শুভেচ্ছা। আশা করি নতুন সরকার মানুষের প্রত্যাশা পূরণ করবে, ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করবে এবং বিহারের মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে।
বিহারের ভোট-পরবর্তী পরিস্থিতিতে আরজেডি-র ‘অঘোষিত ক্যাপ্টেন’ তেজস্বী ছিলেন কার্যত চাপে—একদিকে দলের আশানুরূপ ফল না পাওয়া, অন্যদিকে বোন রোহিণী আচার্যের তীব্র ক্ষোভ। এমন অবস্থায় বিরোধী শিবিরের তরফে এই প্রথম প্রকাশ্যে প্রতিক্রিয়া দিলেন তিনি। এদিকে নীতীশের শপথ নেওয়া নিয়ে প্রশান্ত কিশোর যেখানে তীব্র সমালোচনা করেছেন, সেখানে তেজস্বীর সুর খানিকটা আলাদা—তিনি জোর দিলেন প্রতিশ্রুতি রক্ষার প্রসঙ্গে। বৃহস্পতিবার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ এনডিএ-র শীর্ষ নেতারা।
উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপি নেতা সম্রাট চৌধুরী এবং বিজয় কুমার সিনহা। এছাড়াও মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মঙ্গল পাণ্ডে, বিজয় চৌধুরি, শ্রাবণ কুমার, বিজেন্দ্র যাদব, দিলীপ জয়সওয়াল, অশোক চৌধুরী, লেশি সিং, সন্তোষকুমার মাঝি, মদন সাহনি, রামকৃপাল যাদব, নীতিন নবীন ও সুনীল কুমার।মহিলা মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রমা নিষাদ ও শ্রেয়সী সিং। শরিক দলের নেতা উপেন্দ্র কুশওয়ার ছেলে দীপক প্রকাশও মন্ত্রী হয়েছেন। নীতীশ মন্ত্রিসভায় একমাত্র মুসলিম মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জামা খান। পাশাপাশি শপথ নিয়েছেন সঞ্জয় সিং টাইগার, অরুণ প্রসাদ, রমা দেবী ও নারায়ণ প্রসাদ।





