North Bengal University: বাথরুমের ভেতরে লুকিয়ে চিতাবাঘ! তল্লাশি চালাচ্ছে বন দফতর
তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।
Truth of Bengal: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় চিতাবাঘের হামলায় এক ব্যক্তি আহত হওয়ার ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, আহত ব্যক্তির নাম অভিষেক প্রসাদ। জানা গিয়েছে, এদিন অভিষেক প্রসাদ তাঁর বাড়ির বাথরুমে গিয়েছিলেন। তখনই বাথরুমের ভেতরে লুকিয়ে থাকা চিতাবাঘটি তাঁর ওপর হামলা চালায়। কোনোমতে আহত অবস্থায় তিনি বাথরুম থেকে বেরিয়ে আসেন এবং চিৎকার শুরু করেন। এরপর তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।
এই ঘটনা চাউর হতেই স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে। ঘনবসতিপূর্ণ এই এলাকায় এমন ঘটনা এই প্রথম ঘটল বলে জানিয়েছেন বাসিন্দারা। স্থানীয়রা দ্রুত বন দফতরকে খবর দেন। খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যান। যদিও বনকর্মীরা সেখানে পৌঁছে চিতাবাঘের খোঁজে তল্লাশি চালালেও তার হদিস মেলেনি।
স্থানীয় বাসিন্দাদের দাবি, অবিলম্বে বনকর্মীদের চিতাবাঘটিকে খুঁজে বের করে এলাকা থেকে নিয়ে যাওয়া উচিত। তা না হলে আবারও কোনো বড়সড় ঘটনা ঘটতে পারে এবং আরও কেউ আহত হতে পারে। বন দফতর সূত্রে খবর, ইতিমধ্যেই গোটা এলাকায় বনকর্মীরা মোতায়েন রয়েছেন এবং চিতাবাঘের খোঁজে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।






