রাজ্যের খবর

মকর সংক্রান্তিতে জঙ্গলমহলে শুভেন্দু, শবরদের সঙ্গে পাত পেড়ে খেলেন বিরোধী দলনেতা

নন্দীগ্রামে মকর সংক্রান্তি উপলক্ষে প্রতিবছরের মতোই খিচুড়ি ভোগ ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয়।

Truth Of Bengal: মকর সংক্রান্তির দিনে রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি জনসংযোগমূলক কাজে ব্যস্ত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একদিকে নন্দীগ্রামে মকর উৎসব, অন্যদিকে জঙ্গলমহলের ঝাড়গ্রামে লোধা শবর সম্প্রদায়ের সঙ্গে সময় কাটিয়ে ভিন্ন বার্তা দেন তিনি।

নন্দীগ্রামে মকর সংক্রান্তি উপলক্ষে প্রতিবছরের মতোই খিচুড়ি ভোগ ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয়। তবে এদিন অনুষ্ঠানে স্বয়ং উপস্থিত না থেকে শুভেন্দু অধিকারী তাঁর ভাইপো দেবদীপ অধিকারীকে পাঠান। দেবদীপকে স্থানীয়দের কপালে তিলক লাগিয়ে প্রসাদ বিতরণ করতে দেখা যায়। এই বিষয়টি রাজনৈতিক মহলেও নজর কেড়েছে।

 

View this post on Instagram

 

A post shared by Truth Of Bengal (@truth_of_bengal)

নন্দীগ্রামের কর্মসূচি শেষে শুভেন্দু অধিকারী পৌঁছন ঝাড়গ্রামের মানিকপাড়ায়। সেখানে লোধা শবর সম্প্রদায়ের মানুষের মধ্যে শীতবস্ত্র, গোবিন্দভোগ চাল ও গুড় বিতরণ করেন তিনি। পাশাপাশি প্রায় দেড় হাজার লোধা শবরকে নিয়ে একটি শবর পরিবারের বাড়িতে মধ্যাহ্নভোজে অংশ নেন বিরোধী দলনেতা। রাজনৈতিক মহলের একাংশ এই কর্মসূচিকে জঙ্গলমহলে শুভেন্দুর জনসংযোগের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছেন।

লোধা শবরদের জন্য এই ধরনের সহায়তা শুভেন্দু অধিকারীর কাছে নতুন নয়। কোভিড অতিমারির সময় রাজ্যের মন্ত্রী থাকাকালীনও তিনি ওই এলাকায় নিয়মিত ত্রাণ পাঠিয়েছিলেন বলে জানা যায়। বিরোধী দলে থাকলেও সেই কাজের ধারাবাহিকতা বজায় রেখেছেন তিনি।

এদিকে, এদিনই নবান্ন অভিযান সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টে প্রাথমিক শুনানিতে আদালতের পর্যবেক্ষণে কিছুটা ধাক্কা খান শুভেন্দু অধিকারী। বিচারপতি শুভ্রা ঘোষ জানান, নবান্নের সামনে ধর্না কর্মসূচির অনুমতি দেওয়া যাবে না। বিকল্প হিসেবে নবান্ন বাসস্ট্যান্ড বা মন্দিরতলার কথা উল্লেখ করা হয়।

আদালতের এই মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে শুভেন্দু অধিকারী বলেন, হাইকোর্ট বিকল্প স্থানের কথা বলেছে এবং বৃহস্পতিবার মামলার পরবর্তী শুনানিতে তাঁদের অবস্থান স্পষ্ট করা হবে। তবে নবান্ন বাসস্ট্যান্ডে ধর্না কর্মসূচিতে বসার প্রশ্ন নেই বলেও তিনি জানান। নবান্নের সামনে অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, “আমরা তো নবান্নর ভিতরে গিয়ে বসতাম না!”

Related Articles