রাজ্যের খবর

ভোটের হারের বদলা নিতেই বারুইপুরে তাণ্ডব! ২০০ জন দাঙ্গাবাজকে চিহ্নিত করে চরম বার্তা মুখ্যমন্ত্রীর

রেললাইন উপড়ানোদের রেয়াত নয়, ডিজিপি-কে ৭২ ঘণ্টার ডেডলাইন! বারুইপুরে নতুন পুলিশ আউটপোস্টের নির্দেশ শুভেন্দুর

গোপাল শীল, দক্ষিণ ২৪ পরগনা: বারুইপুরের নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনা এবার রণক্ষেত্রের রূপ নিল। মঙ্গলবার সরাসরি বারুইপুরে পৌঁছে পুলিশ সুপার (SP) অফিসে নির্যাতিতার পরিবারের পাশাপাশি গণপিটুনিতে মৃত যুবকের পরিবারের সঙ্গেও দেখা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখান থেকে বেরিয়েই বারুইপুরের অশান্তির নেপথ্যে চরম দেশবিরোধী ও মৌলবাদী শক্তির হাত রয়েছে বলে বিস্ফোরক অভিযোগ তুললেন তিনি। একইসঙ্গে ভোটের হারের বদলা নিতে বিরোধীরাই এই হিংসায় উসকানি দিচ্ছে বলে তোপ দাগেন মুখ্যমন্ত্রী।

মঙ্গলবার বারুইপুর পুলিশ লাইনে এসে পৌঁছান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে তিনি নির্যাতিতা নাবালিকার বাবা-মায়ের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন এবং তাঁদের সবরকমের আইনি ও প্রশাসনিক সহায়তার আশ্বাস দেন। একই সময়ে সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল সাংসদ সায়নী ঘোষ ও বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়। তাঁদের সামনেই মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, “যাঁরা ছাব্বিশের বিধানসভা ভোটে গোহারা হেরেছেন, তাঁরাই পিছন থেকে রাজনৈতিক উসকানি দিয়ে বারুইপুরকে অগ্নিগর্ভ করে তোলার চেষ্টা করছেন। ইতিমধ্যেই পুলিশ বেশ কিছু চাঞ্চল্যকর কল রেকর্ডিং (Call Recordings) পেয়েছে। এই দাঙ্গায় যুক্ত প্রায় ২০০ জনকে চিহ্নিত করা হয়েছে, কাউকেই রেয়াত করা হবে না।”

মুখ্যমন্ত্রী আরও একটি বড় তথ্য সামনে এনে জানান, ক্ষুব্ধ জনতার গণপিটুনিতে যে যুবকের মৃত্যু হয়েছে, সে আদতে সম্পূর্ণ নির্দোষ ছিল। পুলিশের প্রাথমিক তদন্তে সেটাই প্রমাণিত হয়েছে। একটি কুচক্রী দল ভুল বুঝিয়ে ওই যুবককে পিটিয়ে মেরেছে। এই খুনের ঘটনারও নিরপেক্ষ বিচার হবে এবং দোষীদের কঠোরতম শাস্তি দেওয়া হবে।

ডিজিপি-কে ৭২ ঘণ্টার চরম ডেডলাইন, গাফিলতি পেলেই সাসপেন্ড পুলিশ কর্তারা!

বারুইপুরের এই ঘটনায় প্রথম থেকেই স্থানীয় থানা ও পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভে ফুঁসছিল আমজনতা। সেই গাফিলতির অভিযোগকে মান্যতা দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানান, তিনি রাজ্যের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (DGP)-কে আগামী ৭২ ঘণ্টার মধ্যে সম্পূর্ণ তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। নাবালিকার মৃত্যুতে পুলিশের কোনও স্তরে গাফিলতি বা ঢিলেমি প্রমাণিত হলে, সংশ্লিষ্ট অফিসারদের বিরুদ্ধে অবিলম্বে কড়া বিভাগীয় ও আইনি পদক্ষেপ বা সাসপেনশন করা হবে।

নির্যাতিতার বাড়ির সামনে বসছে নতুন পুলিশ আউটপোস্ট, এক সপ্তাহের মধ্যে ফের বারুইপুরে শুভেন্দু

এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নির্যাতিতার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে একগুচ্ছ নতুন ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি অবিলম্বে নির্যাতিতার বাড়ির ঠিক সামনে একটি স্থায়ী পুলিশ আউটপোস্ট (Police Outpost) বা ফাঁড়ি তৈরির নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে এলাকার মানুষকে আশ্বস্ত করে শুভেন্দু বলেন, “আমি আগামী এক সপ্তাহের মধ্যে আবারও বারুইপুরে আসব। সরকার কী কঠোর অ্যাকশন নিচ্ছে, তা সকলেই নিজের চোখে দেখতে পাবেন। যারা রেললাইন উপড়েছে, ভাঙচুর করেছে, তাদের প্রত্যেককে জেলের ভাত খাওয়াতে প্রশাসন বদ্ধপরিকর।” মুখ্যমন্ত্রীর এই অল-আউট অ্যাকশনের পর বারুইপুর জুড়ে চিরুনি তল্লাশি শুরু করেছে জেলা পুলিশ।

Related Articles