সিঙ্গুরে আসছে ভারী শিল্প! কারখানা গড়বে অশোক লেল্যান্ড, “জমি রেডি আছে তো?” ফোনে প্রশ্ন মুখ্যমন্ত্রী শুভেন্দুকে
“আমি জমি রেডি আছে বলে জানিয়েছি!” ছেলের বিয়ের নিমন্ত্রণের ফোনেই হয়ে গেল বড়সড় শিল্পচুক্তির কথা! সিঙ্গুর নিয়ে বিরাট সুখবর দিলেন শুভেন্দু অধিকারী
Truth of Bengal: দীর্ঘ দেড় দশকের শিল্প-খরা কাটিয়ে অবশেষে সিঙ্গুরে আসতে চলেছে ভারী শিল্প! আর সেই কারখানা গড়তে চলেছে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী হিন্দুজা গ্রুপের সংস্থা অশোক লেল্যান্ড। মঙ্গলবার এক সাক্ষাৎকারে খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই চাঞ্চল্যকর ও আশাব্যঞ্জক তথ্য প্রকাশ্যে এনেছেন। তিনি জানান, এদিন সকালে অশোক তাঁকে ফোন করেছিলেন এবং প্রথমেই জানতে চেয়েছেন সিঙ্গুরে কারখানার জন্য জমি প্রস্তুত আছে কি না। জবাবে রাজ্য সরকার যে জমি দিতে সম্পূর্ণ প্রস্তুত, তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।
মঙ্গলবার ওই সাক্ষাৎকারে শুভেন্দু অধিকারী বলেন, “সকালে অশোক ফোন করেছিলেন। তাঁর ছেলের বিয়েতে আমাকে নিমন্ত্রণ জানাতেই ফোন করেছিলেন। কিন্তু কথা শুরু হতেই প্রথমেই আমাকে জিজ্ঞাসা করলেন, ‘আমার জমি রেডি আছে তো?’ আমি স্পষ্ট জানিয়ে দিয়েছি যে জমি রেডি আছে।” জানা গিয়েছে, রাজ্যে বড়সড় বিনিয়োগের রূপরেখা চূড়ান্ত করতে আগামী ডিসেম্বরের শুরুতেই মুম্বই সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে ক্ষমতার পালাবদলের অন্যতম প্রধান ইস্যু ছিল পূর্বতন তৃণমূল জমানায় শিল্পের বেহাল দশা। ক্ষমতায় এলে বাংলায় শিল্প ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। চলতি নভেম্বরের শুরুতে নিউটাউনে রাজ্যের নতুন শিল্পনীতি প্রকাশের সময়ই মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়েছিলেন যে অশোক লেল্যান্ডের সঙ্গে কথা চলছে এবং “সিঙ্গুরে কিছু একটা হবে।” দিন কয়েক আগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সুকান্ত মজুমদারও দাবি করেছিলেন যে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের ভারী শিল্প গড়ে উঠবে। এবার মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যে সেই জল্পনায় কার্যত সিলমোহর পড়ল।
শিল্পের জন্য জমি অধিগ্রহণে কোনও জটিলতা হবে না বলে আশ্বস্ত করেছেন শুভেন্দু অধিকারী। রাজ্য সরকার নিজেই ‘ল্যান্ড পুলিং’ পদ্ধতির মাধ্যমে ইচ্ছুক জমির মালিকদের সমবায় গড়ে ন্যায্য মূল্যে জমি কিনে শিল্প সংস্থার হাতে তুলে দেবে। ইতিমধ্যেই হুগলি জেলায় জমির ব্যবস্থা করার জন্য জেলাশাসককে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রসঙ্গত, ২০১১ সালে টাটাদের ন্যানো কারখানা ঘিরে জমি আন্দোলনের জেরে সিঙ্গুর থেকে শিল্প সরে গিয়েছিল, অথচ পরিত্যক্ত সেই জমিতে চাষাবাদও ঠিকমতো হচ্ছিল না। এবার মুখ্যমন্ত্রীর ঘোষণায় কর্মসংস্থান ও শিল্পায়নের নতুন আশায় বুক বাঁধছেন সিঙ্গুরবাসী।






