
The Truth of Bengal: শিক্ষকের বদলি রুখতে মঙ্গলবার সকাল থেকে জয়নগরের জাঙ্গালিয়া পঞ্চায়েতের পূর্ব জাঙ্গালিয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখালেন ছাত্র-ছাত্রী, অভিভাবকরা। প্রায় পনেরো বছর ধরে ওই স্কুলে শিক্ষকতা করছেন বিশ্বজিৎ মারিক।
বর্তমানে তিনি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বও সামলাচ্ছেন। ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অভিভাবকদের প্রিয় এই শিক্ষকের সম্প্রতি বদলির নির্দেশ আসে। এতেই ক্ষুব্ধ এলাকার মানুষ। তাঁর বদলি রুখতে এ দিন সকাল থেকে স্কুলের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন স্থানীয় মানুষজন।
ছাত্র-ছাত্রীরা তাঁকে জড়িয়ে কান্নাকাটি শুরু করে। তবে বিশ্বজিৎই তাঁদের স্কুলের সামনে বিক্ষোভ দেখাতে বারণ করেন। এরপরেই স্কুল পরিদর্শকের দফতরে গণস্বাক্ষর-সহ আবেদনের সিদ্ধান্ত নেন বিক্ষোভকারীরা। আজ সকাল থেকে ছাত্র-ছাত্রীরা স্কুলের সামনে হাতে পোস্টার নিয়ে বিক্ষোভ দেখাতে আরম্ভ করে।






