কলকাতা

অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় দ্রুত শুনানি নয়, হাই কোর্টে ধাক্কা মমতার শিবিরের

মামলার শুনানি বৃহস্পতিবারই হবে বলে জানিয়ে দিয়েছে হাই কোর্ট

Truth of Bengal: অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় দ্রুত শুনানির আর্জি জানালেও আপাতত স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল। বুধবারই মামলাটি শোনার আবেদন জানানো হয়েছিল কলকাতা হাই কোর্টে। কিন্তু সেই আর্জিতে সাড়া দিল না বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ। আদালতের পর্যবেক্ষণ, “একদিন দেরি হলে আকাশ ভেঙে পড়বে না।” মামলার শুনানি বৃহস্পতিবারই হবে বলে জানিয়ে দিয়েছে হাই কোর্ট। তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ হওয়া নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট তৃণমূল। দলের হয়ে সওয়াল করছেন আইনজীবী কিশোর দত্ত এবং বর্ষীয়ান আইনজীবী অভিষেক মনু সিংভি। বুধবার সিংভি নিজে কলকাতা হাই কোর্টে উপস্থিত ছিলেন। সেই কারণেই এদিন মামলাটির দ্রুত শুনানির আবেদন জানান কিশোর দত্ত। তাঁর বক্তব্য ছিল, যেহেতু বর্ষীয়ান আইনজীবী অভিষেক মনু সিংভি আদালতে উপস্থিত রয়েছেন, তাই মামলাটি এদিনই শোনা হোক।

তবে সেই আর্জি খারিজ করে দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। কিশোর দত্তের উদ্দেশে তিনি বলেন, “একদিন দেরি হলে আকাশ ভেঙে পড়বে না।” এরপর আদালত জানিয়ে দেয়, নির্ধারিত সূচি মেনেই বৃহস্পতিবার মামলার শুনানি হবে। এর আগে গত মঙ্গলবার এই মামলার শুনানিতে অভিযোগ দায়েরের সময় নিয়ে প্রশ্ন তুলেছিল আদালত। বিচারপতি পর্যবেক্ষণে বলেন, অভিযোগ দায়েরের সময় আদালতকে ভাবাচ্ছে। ২৮ জুন সন্ধ্যা সাড়ে ৬টায় অভিযোগ দায়ের হয়। আর পরদিন সকালেই ব্যাঙ্ক জানায়, সংশ্লিষ্ট অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। অথচ অভিযোগ দায়েরের আগে ওই অ্যাকাউন্ট ঘিরে কোনও নির্দিষ্ট অপরাধের অভিযোগ ওঠেনি। আদালতের প্রশ্ন ছিল, তাহলে হঠাৎ পুলিশের অভিযোগের ভিত্তিতে কীভাবে এত দ্রুত অ্যাকাউন্ট ফ্রিজ করার সিদ্ধান্ত নেওয়া হল?

গত শুনানিতে কালীঘাট তৃণমূলের পক্ষে সওয়াল করতে গিয়ে অভিষেক মনু সিংভি প্রশ্ন তোলেন, “পুলিশ কি একটি চলতি রাজনৈতিক দলকে এভাবে তার লাইফলাইন বন্ধ করে পঙ্গু করে দিতে পারে?” এই ইস্যুতে শরৎ বোস রোডের বেসরকারি ব্যাঙ্কের হলফনামা তলব করেছে আদালত। অ্যাকাউন্ট ফ্রিজ নিয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষের অবস্থান জানতে চেয়েছে হাই কোর্ট।তদন্তের অগ্রগতি সংক্রান্ত তথ্যও আদালতে পেশ করার কথা ছিল মঙ্গলবার। তবে সেই শুনানি পিছিয়ে বৃহস্পতিবার ধার্য করা হয়েছে। ফলে আপাতত অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কালীঘাট তৃণমূলকে আরও একদিন অপেক্ষা করতেই হবে।

Related Articles