কলকাতা

প্রণবের পরামর্শেই তৃণমূল ছেড়ে মোদিজির সঙ্গে যোগ! গোপন কথা ফাঁস করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

তৃণমূলকে ‘কোম্পানি’ বলে কটাক্ষ, প্রাক্তন রাষ্ট্রপতিকে নিজের ‘আসল উপদেষ্টা’ বললেন শুভেন্দু! বঙ্গ রাজনীতির মোড় ঘোরানো দলবদল নিয়ে বিস্ফোরক দাবি

Truth of Bengal: ২০২০ সালের ডিসেম্বরে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী, যা বঙ্গ রাজনীতির সাম্প্রতিক ইতিহাসে অন্যতম হাই-প্রোফাইল এবং মোড় ঘোরানো দলবদল হিসেবে চিহ্নিত। এবার সেই দলবদলের নেপথ্য কারণ নিয়ে এক বিস্ফোরক দাবি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই। সম্প্রতি এক বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, জাতীয় রাজনীতির প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব তথা প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পরামর্শেই তিনি তৃণমূল ছেড়ে নরেন্দ্র মোদির দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।

সাক্ষাৎকারে নিজের প্রাক্তন দল তৃণমূল কংগ্রেস সম্পর্কে প্রশ্ন করা হলে শুভেন্দু অধিকারী কটাক্ষের সুরে বলেন, “ওটা তো কোম্পানির মতো ছিল। আমিও সেখানে এমপ্লয়ি ছিলাম। থাকব না বলেই বেরিয়ে এসেছি। আমার আসল পরামর্শদাতা ছিলেন প্রয়াত প্রণব মুখোপাধ্যায়।”

মুখ্যমন্ত্রীর দাবি অনুযায়ী, প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রপতি থাকাকালীন তিনি রাইসিনা হিলসে অর্থাৎ রাষ্ট্রপতি ভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছিলেন। সেই সময় শুভেন্দু তৃণমূলেই ছিলেন। রাষ্ট্রপতি ভবনে বসেই প্রণব মুখোপাধ্যায় তাঁকে তৃণমূল ছাড়ার পরামর্শ দিয়েছিলেন বলে দাবি করেছেন শুভেন্দু। সাক্ষাৎকারে তিনি জানান, প্রাক্তন রাষ্ট্রপতি তাঁকে বলেছিলেন, “এমপ্লয়ি হয়ে থাকতে হলে তৃণমূলে থাকো। নিজের দমে এগিয়ে যেতে হলে মোদিজির সঙ্গে থাকো।” প্রণব মুখোপাধ্যায়কে নিজের ‘অরিজিনাল অ্যাডভাইজার’ বা আসল উপদেষ্টা হিসেবেও বর্ণনা করেছেন মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, ২০১২ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি পদে আসীন ছিলেন প্রণব মুখোপাধ্যায়। ওই গোটা সময়কালেই শুভেন্দু অধিকারী তৃণমূলের গুরুত্বপূর্ণ নেতা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য ছিলেন। পরবর্তীতে ২০২০ সালের ডিসেম্বরে মেদিনীপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভায় আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন শুভেন্দু, আর তার ঠিক কিছুদিন আগেই প্রয়াত হন প্রণব মুখোপাধ্যায়।

তবে ঠিক কোন সময়ে প্রাক্তন রাষ্ট্রপতি তাঁকে এই পরামর্শ দিয়েছিলেন, তা নিয়ে বিশদে কিছু খোলসা করতে চাননি মুখ্যমন্ত্রী। এ বিষয়ে প্রশ্ন করা হলে শুভেন্দু অধিকারী বলেন, “এই ব্যাপারে আমি বেশি কিছু বলব না। উনি আজ আমাদের মধ্যে নেই, তাই এটা নিয়ে অযথা বিতর্ক তৈরি হবে। উনি আমার অভিভাবক এবং পরামর্শদাতা ছিলেন।” মুখ্যমন্ত্রীর এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে নতুন করে চর্চা শুরু হয়েছে।

Related Articles