“সাদাকে সাদাই বলব, মুখ্যমন্ত্রী ভালো কাজ করছেন!” শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ অরূপ বিশ্বাস
বারুইপুর-কাণ্ডে রাজ্য সরকারের দ্রুত পদক্ষেপের প্রশংসা করে অরূপ বলেন, “ভালো কাজ করেছেন, দ্রুত পদক্ষেপ নিয়েছেন
Truth of Bengal: বারুইপুর-কাণ্ড ঘিরে রাজ্যজুড়ে তীব্র চর্চার মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পদক্ষেপের প্রশংসা করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় কঠোর শাস্তির বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার নিজেও বারুইপুরে যান তিনি। এর মধ্যেই বিধাননগর দক্ষিণ থানায় জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে শুভেন্দু অধিকারীর ভূমিকার প্রশংসা করেন অরূপ। এদিন প্রায় ৩ ঘণ্টা ধরে বিধাননগর দক্ষিণ থানায় অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে তিনি বলেন, “চিরকাল সাদাকে সাদা আর কালোকে কালো বলেছি। একসময় মন্ত্রী ছিলাম, তখনও এমন কিছু বলিনি বা করিনি। যেটা সাদা, সেটাকে সাদা বলেছি। যেটা কালো, সেটাকে কালো বলেছি।”
বারুইপুর-কাণ্ডে রাজ্য সরকারের দ্রুত পদক্ষেপের প্রশংসা করে অরূপ বলেন, “ভালো কাজ করেছেন, দ্রুত পদক্ষেপ নিয়েছেন। কঠোর শাস্তির বিধান করছেন। এটাকে তো ভালো বলতেই হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ভালো কাজ করছেন।” তাঁর কথায়, বারুইপুরের ঘটনা অত্যন্ত জঘন্য। তবে ঘটনার পর প্রথম মুহূর্ত থেকেই সরকার সক্রিয় হয়েছে এবং ব্যবস্থা নিচ্ছে—এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও তুলেছেন অরূপ বিশ্বাস। তাঁর বক্তব্য, এমন ঘটনার ক্ষেত্রে কোনওরকম ছাড় দেওয়া উচিত নয়। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
এদিন মেসি-কাণ্ডে অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশি তদন্তে তিনি সহযোগিতা করবেন বলে আগেই জানিয়েছিলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। সেই মতোই মঙ্গলবার বিধাননগর দক্ষিণ থানায় হাজির হন তিনি। অন্যদিকে, বারুইপুর-কাণ্ডে এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে গণধর্ষণ, খুন, অপহরণ-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। ঘটনার তদন্তে ইতিমধ্যেই সিট গঠন করেছে রাজ্য সরকার। মঙ্গলবার সকালে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল-সহ প্রশাসনের প্রতিনিধিরা নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করেন। পরে বারুইপুরে পৌঁছন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঘটনাস্থলে যান রাজ্য পুলিশের ডিজিও।






