“মদের দোকান দেখলে ঝাঁটা নিয়ে মারুন, সঙ্গে আমিও যাব!” মহিলাদের কড়া বার্তা বিজেপি বিধায়কের
দলের কেউ মদ বা তোলাবাজিতে যুক্ত থাকলে ‘ব্লিচিং-গ্যামাক্সিন-ফিনাইল’ দিয়ে বের করার হুঁশিয়ারি! নিজ দলের একাংশের বিরুদ্ধেই গর্জে উঠলেন বিধায়ক
Truth of Bengal: পাড়ায় পাড়ায় মদের দোকান দেখলে মহিলাদের ঝাঁটা হাতে রুখে দাঁড়ানোর ডাক দিলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, মাদক কারবার বা তোলাবাজিতে নিজেদের দলের কেউ জড়িত থাকলে ব্লিচিং, গ্যামাক্সিন ও ফিনাইল দিয়ে দল থেকে বের করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। দুর্গাপুরের এমএমসি-তে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বিধায়কের এই ঝাঁঝালো বক্তব্যে রাজনৈতিক মহল থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র চর্চা শুরু হয়েছে।
এদিনের অনুষ্ঠানে মহিলাদের উদ্দেশে চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, “অন্নপূর্ণা যোজনার টাকা আপনাদের অ্যাকাউন্টে যাচ্ছে। আর সেই টাকা দিয়ে আপনাদের স্বামীরা মদ খাবে আর আপনাদের মারবে। তাই মার খাওয়ার আগে আপনারাই ঝাঁটা নিয়ে মারুন। মদের দোকান দেখলেই মারুন, আমাকে ডাকবেন আমিও সঙ্গে যাব। এই কারবারের সঙ্গে যদি বিজেপির কোনও কর্মী বা নেতা জড়িত থাকে, তাঁর বিরুদ্ধে এফআইআর করুন।”
এরপরই দলের ভেতরে ঢুকে পড়া একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বিধায়ক। তাঁর অভিযোগ, চার তারিখের পর থেকে অনেকেই গেরুয়া উত্তরীয় গায়ে চাপিয়ে ঘুরে বেড়াচ্ছে। কেউ কেউ মার্বেল মিস্ত্রির কাজ ছেড়ে দিয়েও বিজেপির নেতা হওয়ার চেষ্টা করছে বলে কটাক্ষ করেন তিনি। এমনকি, কার্ডের মধ্যে বিধায়কের নাম লিখে নিচে নিজের ফোন নম্বর দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা চাওয়ার অভিযোগও তোলেন চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। এই ধরনের প্রতারণা বা তোলাবাজির চেষ্টা করলে সরাসরি থানায় অভিযোগ দায়ের করার পরামর্শ দিয়েছেন তিনি।
বিধায়ক স্পষ্ট জানান, ভয় দেখানোর জন্য যদি কেউ বিজেপির নাম করে যায়, তবে তাদের সমূলে বিনাশ করার দায়িত্ব তাঁদেরই। তাঁর কথায়, আগে ব্লিচিং, গ্যামাক্সিন ও ফিনাইল দিয়ে দলের মধ্যে ঢুকে পড়া এই ধরনের লোকজনকে বের করতে হবে, তারপরেই অন্যদের নিয়ে চর্চা করা হবে। শাসক বিধায়কের এই কড়া অবস্থানে স্থানীয় রাজনীতিতে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে।





