রাজ্যের খবর

বর্ধমানে বিজেপি-সিপিএম সংঘর্ষে ধুন্ধুমার! চেয়ারের আঘাতে মাথা ফাটল প্রাক্তন জেলা সম্পাদকের

কৃষক আন্দোলনের বর্ষপূর্তি বনাম সংবিধান দিবসের সভা! বর্ধমানের প্রাণকেন্দ্রে দুই দলের সংঘর্ষে রণক্ষেত্র পরিস্থিতি

পিন্টু প্যাটেল, বর্ধমান: সিপিএমের কৃষক সভা এবং বিজেপির দলীয় কর্মসূচিকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকেলে রণক্ষেত্রের চেহারা নিল বর্ধমান শহরের প্রাণকেন্দ্র বাদামতলা এলাকা। দুই দলের মুখোমুখি অবস্থানে তুমুল উত্তেজনা ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনায় মাথা ফাটে সিপিএমের প্রাক্তন জেলা সম্পাদক তথা বর্ষীয়ান নেতা অমল হালদারের। রক্তাক্ত অবস্থায় মঞ্চেই লুটিয়ে পড়েন তিনি। দ্রুত সংগঠনের কর্মীরা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যান; তাঁর পায়েও গুরুতর আঘাত লেগেছে বলে খবর। পরে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা গিয়েছে, কৃষক আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে বৃহস্পতিবার দেশজুড়ে কর্মসূচির ডাক দিয়েছিল সংযুক্ত কিষাণ মোর্চা। সেই মতো পুলিশের আগাম অনুমোদন নিয়ে বর্ধমানের বাদামতলায় সভার আয়োজন করেছিল সিপিএমের কৃষক সভা। বিকেলে সেই মঞ্চে বক্তব্য রাখছিলেন অমল হালদার। অন্যদিকে, বাদামতলা থেকে সামান্য দূরে কার্জন গেটের কাছে বিজেপির একটি সভা ছিল। সেখান থেকে বিজেপির মিছিল শুরু হয়ে এগোতেই কৃষক সভার অনুষ্ঠানের সামনে মিছিল বাধা পায় বলে অভিযোগ, আর সেখান থেকেই গোলমালের সূত্রপাত।

সিপিএমের কৃষক সংগঠনের অভিযোগ, বিজেপির মিছিল থেকে ইট, লাঠি ও চেয়ার নিয়ে সভামঞ্চে অতর্কিত হামলা চালানো হয়। আহত অমল হালদারের অভিযোগ, “আমি তখন মঞ্চে বক্তৃতা করছিলাম। হঠাৎ চিৎকার-চেঁচামেচি শুরু হয়। আমার দিকে ইট ও চেয়ার ছুড়ে মারা হয় এবং লাঠি দিয়ে পায়ে আঘাত করা হয়।”

যদিও সিপিএমের সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপি। বিজেপির জেলা মুখপাত্র শান্তরূপ দে পাল্টা দাবি করে বলেন, “সংবিধান দিবস উপলক্ষে আমাদের বড় সভা চলছিল, যা বানচাল করার ষড়যন্ত্র করেছিল সিপিএম। ওরা সংবিধান বা দেশ মানে না। নিজেরাই চেয়ার ছোড়াছুড়ি করে আমাদের ওপর দোষ চাপাচ্ছে। বরং আমাদের ওপরেই আগে হামলা হয়েছে। আমরা নিজেদের কর্মীদের সংযত রেখে প্রশাসনের ওপর আস্থা রেখেছি।” এই ঘটনাকে কেন্দ্র করে গোটা শহরে রাজনৈতিক পারদ চড়েছে।

Related Articles