রিষড়ার সাধন কানন পুজো কমিটির উদ্যোগে হেলথ চেকআপ ক্যাম্প
এই স্বাস্থ্য শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রিষড়া পৌরসভার পৌর প্রধান বিজয় সাগর মিশ্র।
তরুণ মুখোপাধ্যায়, হুগলি: মহালয়ার পুণ্য তিথিতে সমাজসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল রিষড়া সাধন কানন সর্বজনীন দুর্গোৎসব কমিটি। রবিবার সকালে ৬৫তম বর্ষে পদার্পণ উপলক্ষে কমিটির উদ্যোগে একটি মেগা হেলথ চেকআপ ক্যাম্পের আয়োজন করা হয়। এই স্বাস্থ্য শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রিষড়া পৌরসভার পৌর প্রধান বিজয় সাগর মিশ্র।
দীর্ঘ ৬৫ বছর ধরে সাধন কানন সর্বজনীন দুর্গাপুজো শুধু ধর্মীয় আচারের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং সমাজসেবামূলক কাজের সঙ্গেও নিজেদের যুক্ত রেখেছে। এই বছরও তার ব্যতিক্রম ঘটেনি। পুজো কমিটির এই মহৎ প্রয়াসের অংশ হিসেবে আয়োজিত স্বাস্থ্য শিবিরে এলাকার প্রায় ৫০০ জন মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
পুজো কমিটির অন্যতম সদস্য ডক্টর শিবাশীষ চট্টোপাধ্যায় জানান, শিবিরে বিভিন্ন রোগের চিকিৎসার জন্য অভিজ্ঞ ও বিশিষ্ট চিকিৎসকরা উপস্থিত ছিলেন। তাঁরা রোগীদের সমস্যা শোনেন এবং প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসার ব্যবস্থা করেন। এই ধরনের উদ্যোগের মাধ্যমে পুজো কমিটি সমাজের প্রতি তাদের দায়বদ্ধতা তুলে ধরেছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে স্থানীয় কাউন্সিলর অভিজিৎ দাস, রিষড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক সঞ্জয় সরকার এবং এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এই স্বাস্থ্য শিবির স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং পুজোর প্রাক্কালে এটি এক ইতিবাচক বার্তা দিয়েছে।






