রিষড়ায় বৃষ্টির ভ্রুকুটি উপেক্ষা করে খুশির ঈদ উদ্যাপন, নামাজে শামিল বিভিন্ন রাজনৈতিক দল
রিষড়ার এই ঈদের অনুষ্ঠানে প্রতি বছরের মতো এবারও ধরা পড়ল এক অনন্য রাজনৈতিক সম্প্রীতির ছবি।
Truth Of Bengal: তরুণ মুখোপাধ্যায়, হুগলি: শনিবার সারা দেশের সাথে সাথে পশ্চিমবঙ্গও মেতে উঠল খুশির ঈদে। গত এক মাস ধরে কঠোর কৃচ্ছ্রসাধন ও রোজা পালনের পর আজ পবিত্র ঈদের নামাজের মধ্য দিয়ে সম্পন্ন হল রমজান মাস। এদিন সকালে দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্ত্বেও হুগলি জেলার অন্যতম বড় ঈদের নামাজটি অনুষ্ঠিত হলো রিষড়ায়। বড় মসজিদের ইমাম সাহেবের পরিচালনায় এই বিশেষ প্রার্থনায় অংশ নেন এলাকার কয়েক হাজার মানুষ। প্রতি বছর স্থানীয় ওয়েলিংটন জুট মিলের মাঠে এই বিশাল জমায়েত হলেও, এদিন ভোররাত থেকে শুরু হওয়া ঝিরঝিরে বৃষ্টির কারণে জুট মিলের ভেতরেই নামাজের বিশেষ বন্দোবস্ত করা হয়। নতুন পোশাকে সজ্জিত হয়ে ছোট-বড় নির্বিশেষে সকল ধর্মপ্রাণ মানুষ সাতসকালেই ভিড় জমান নামাজে।
রিষড়ার এই ঈদের অনুষ্ঠানে প্রতি বছরের মতো এবারও ধরা পড়ল এক অনন্য রাজনৈতিক সম্প্রীতির ছবি। নামাজের এই পবিত্র লগ্নে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুর বিধানসভার তৃণমূল প্রার্থী তন্ময় ঘোষ, সিপিআইএম প্রার্থী নবনীতা চক্রবর্তী এবং কংগ্রেস নেতা সাবির আলী। এ ছাড়াও উপস্থিত ছিলেন রিষড়ার পুরপ্রধান বিজয় সাগর মিশ্র, উপ-পুরপ্রধান জাহিদ হাসান খান ও শ্রীরামপুরের সিআইসি সন্তোষ কুমার সিং সহ বিভিন্ন স্তরের নেতৃত্ব। নামাজের শেষে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সকলের সুখ ও সমৃদ্ধি কামনা করেন।
আগামী বিধানসভা নির্বাচনের আবহে এই উৎসবের মঞ্চ থেকেও উঠে এল সম্প্রীতির বার্তা। শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী তন্ময় ঘোষ ভারতের বহুত্ববাদ ও বাংলার চিরায়ত সংস্কৃতির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, “বাংলার সম্প্রীতির এই ধারা যেন হাজার হাজার বছর বজায় থাকে।” সেই সাথে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সম্প্রীতির লড়াইয়ে সকলকে শামিল হওয়ার আহ্বান জানান। অন্যদিকে, সিপিআইএম প্রার্থী নবনীতা চক্রবর্তীও এই পবিত্র দিনে সকল মানুষের মঙ্গল ও শান্তি কামনা করে শুভেচ্ছা বিনিময় করেন। দুর্যোগপূর্ণ আবহাওয়াও যে উৎসবের আনন্দ এবং পারস্পরিক ভাতৃত্ববোধে কোনো বাধা হয়ে দাঁড়াতে পারেনি, রিষড়ার আজকের এই ছবিই তার প্রমাণ।






