এভারেস্ট শৃঙ্গ জয় করে মৃত্যুর কোলে রানাঘাটার সুব্রত
Reaching the peak but falling into the abyss of uncertainty! Subrata Ghosh missing, mystery surrounds death message
Truth Of Bengal: মাধব দেবনাথ, নদিয়া: সফলের শিখরে পৌঁছেও ফিরে আসা হল না। বাংলার পর্বতারোহী সুব্রত ঘোষের এভারেস্ট জয়ের পরই নেমে এল দুঃসংবাদ। তবে এখনও নিশ্চিত নয় তাঁর মৃত্যুর খবর, আর তাই চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে তাঁর পরিবার।
এভারেস্ট শৃঙ্গ জয় করে মৃত্যুর কোলে রানাঘাটার সুব্রত pic.twitter.com/hBBgxmaBpw
— TOB DIGITAL (@DigitalTob) May 16, 2025
নদিয়ার রানাঘাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মাঠের পাড়ার বাসিন্দা সুব্রত ঘোষ পেশায় শিক্ষক। তিনি উত্তর ২৪ পরগনার বাগদা কাপাসাটি মিলনবিথী হাই স্কুলে কর্মরত। পর্বতারোহণ ছিল তাঁর দীর্ঘদিনের স্বপ্ন। সেই স্বপ্নপূরণে তিনি সম্প্রতি অংশ নিয়েছিলেন এভারেস্ট অভিযানে। অভিযানে তাঁর সঙ্গী ছিলেন রানাঘাটেরই আরেক শিক্ষিকা রুম্পা দাস।
১০ মে, সুব্রত ও রুম্পা নেপালের বেস ক্যাম্প থেকে উপরের ক্যাম্পে ওঠেন। দীর্ঘ ও কষ্টসাধ্য যাত্রা শেষে বৃহস্পতিবার তাঁরা পৌঁছন পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গে — মাউন্ট এভারেস্টের চূড়ায়। কিন্তু সেই গৌরবময় মুহূর্তই যেন কাল হয়ে দাঁড়াল সুব্রত ঘোষের জন্য। পর্বতজয়ীর সাফল্য ছায়াচ্ছন্ন করে দিল এক দুঃসংবাদ।
জানা যাচ্ছে, দীর্ঘসময় পর শীর্ষে পৌঁছনোর কারণে সুব্রতের শরীর প্রচণ্ড দুর্বল হয়ে পড়ে, তাঁর অক্সিজেন সিলিন্ডারও শেষ হয়ে যায়। এরপর থেকে তাঁর আর কোনও খোঁজ পাওয়া যায়নি। অন্যদিকে, সঙ্গী রুম্পা দাস সন্ধ্যার দিকেই একটি নিরাপদ ক্যাম্পে ফিরে আসেন।
শুক্রবার সকালে সুব্রতের আত্মীয়দের কাছে আসে একটি মোবাইল বার্তা —”সুব্রত আর নেই।” তবে এই তথ্যের কোনও সরকারি বা অভিযানের পক্ষ থেকে নিশ্চয়তা এখনও পাওয়া যায়নি। ফলে পরিবারের সদস্যরা এখনও আশার আলো হারাচ্ছেন না। তাঁরা বিশ্বাস করতে পারছেন না, এত সহজে সুব্রত তাঁদের ছেড়ে চলে যেতে পারেন।এই ঘটনার পর থেকেই রানাঘাটে সুব্রত ঘোষের বাড়িতে শোকের ছায়া।
পর্বতারোহণের মতো বিপজ্জনক অভিযানে সুরক্ষা ও পর্যাপ্ত প্রস্তুতির প্রশ্নও আবার উঠে আসছে। প্রশাসনের তরফ থেকে যদি কোনও উদ্যোগ নেওয়া হয়, পরিবার বা সংশ্লিষ্ট সংস্থার তরফ থেকে বিস্তারিত খোঁজ নেওয়া হয়, তাহলে হয়তো মিলবে সুব্রত ঘোষের প্রকৃত অবস্থার খবর।






