গরমের পর স্বস্তির বৃষ্টি! রাজ্যে টানা ঝড়-বৃষ্টির সম্ভাবনা
Rain brings relief after the heat! Prolonged rain and storm likely in the state
Truth Of Bengal: কয়েকদিনের তীব্র দাবদাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি নিয়ে হাজির হয়েছে বর্ষা। পূর্বাভাস অনুযায়ী, রাজ্যের একাধিক জেলায় ইতিমধ্যেই শুরু হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, সঙ্গে বজ্রপাত ও ঝোড়ো হাওয়া।
আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় চলবে টানা বৃষ্টি ও ঝোড়ো হাওয়া। বৃষ্টিপ্রবণ জেলাগুলি হল উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুর্ব মেদিনীপুর, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া। এই জেলাগুলিতে ঘণ্টায় ৩০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কাও করা হচ্ছে। শুক্রবার নদিয়া ও মুর্শিদাবাদ জেলায় বৃষ্টিপাতের পরিমাণ অন্যান্য জেলার তুলনায় বেশি হতে পারে।
কলকাতাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের বেলায় প্রচণ্ড গরমের পর হঠাৎ বিকেলে কালো মেঘে ঢেকে বৃষ্টি নামতে পারে, যা সাময়িক স্বস্তি দিলেও শহরে জলজট বা যানজটের আশঙ্কা তৈরি করতে পারে। বৃষ্টির প্রভাবে দক্ষিণবঙ্গের গড় তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুর — এই জেলাগুলিতেও শুক্রবার ভারী বৃষ্টিপাত ও ঘণ্টায় ৩০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
পরবর্তী কয়েকদিন জুড়ে রাজ্যে বজ্রপাত, ঝোড়ো হাওয়া ও বৃষ্টির যে পরিস্থিতি চলবে, তা থেকে বাঁচতে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। বিশেষ করে খোলা জায়গায় না থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। কৃষকদের জন্য এই বৃষ্টি একদিকে যেমন আশীর্বাদ, অন্যদিকে বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়ার কারণে ফসলের ক্ষতির ঝুঁকিও থেকে যাচ্ছে।






