“আমায় ৫৫ ঘণ্টা জেরা, মমতাজিকে কেন নয়?”, মোদি-মমতা ‘আঁতাত’ নিয়ে বিস্ফোরক রাহুল গান্ধী
লদহের সভা থেকে তৃণমূল ও বিজেপিকে একাসনে বসালেন রাহুল
Truth of Bengal: পশ্চিমবঙ্গের নির্বাচনী লড়াইয়ে এবার নয়া মোড়! শাসকদল তৃণমূল এবং প্রধান বিরোধী দল বিজেপি, উভয়কেই একযোগে বিঁধলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁর সাফ প্রশ্ন, বিজেপি যদি সত্যিই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে, তবে কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সক্রিয় নয়? কেন তাঁকে ঘণ্টার পর ঘণ্টা জেরা করা হয় না? মালদহের সভা থেকে এই ‘মোদি-দিদি’ আঁতাতের অভিযোগে সরব হলেন রাহুল।
নিজের লড়াইয়ের কথা মনে করিয়ে দিয়ে রাহুল গান্ধী বলেন, “বিজেপির বিরুদ্ধে লড়াই করে কংগ্রেস। আমার ঘর ছিনিয়ে নেওয়া হয়েছে, আমার লোকসভার সদস্যপদ কেড়ে নেওয়া হয়েছিল। আমার বিরুদ্ধে ৩৬টি মামলা রয়েছে। কিন্তু মমতাজির বিরুদ্ধে কটা মামলা করেছেন মোদিজি? মমতাজিকে কত ঘণ্টা জেরা করা হয়েছে? আমায় ৫৫ ঘণ্টা ধরে জেরা করা হয়েছে, টানা পাঁচ দিন। কিন্তু মমতাজির ওপর কোনও আক্রমণ হয় না। কেন?”
রাহুলের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বিজেপির বিরুদ্ধে লড়াই করেন না বলেই তিনি কেন্দ্রীয় সংস্থার কোপ থেকে বেঁচে আছেন। তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুধুমাত্র ভোটের সময় এসে তৃণমূলকে কটাক্ষ করেন, কিন্তু নির্বাচন মিটে গেলে আর তাঁকে নিয়ে উচ্চবাচ্য করেন না। রাহুলের কথায়, “মোদিজি জানেন ভারতে একটি শক্তিই বিজেপি ও আরএসএস-এর বিরুদ্ধে নীতির ভিত্তিতে লড়াই করে, আর সেই শক্তি হল কংগ্রেস। তাই আপনারা এখানে কংগ্রেসকে মজবুত করুন।”
কংগ্রেস নেতার এই মন্তব্য দ্বিতীয় দফার ভোটের আগে রাজ্যে ত্রিভুজ লড়াইয়ের চিত্রকে আরও স্পষ্ট করে দিল। একদিকে তৃণমূল ও বিজেপি যখন একে অপরের বিরুদ্ধে ‘সেটিং’-এর অভিযোগ তুলছে, তখন রাহুল গান্ধীর এই ‘জেরা ও মামলা’র তত্ত্ব বাংলার রাজনীতিতে নতুন বিতর্ক উসকে দিল।





