দেশ

‘দেশের সবথেকে দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী হিমন্ত’, অসমের নির্বাচনী সভা থেকে তোপ রাহুলের

বিজেপির রাজনীতিকে ‘বিভাজনের রাজনীতি’ বলে কটাক্ষ করেন তিনি

Truth Of Bengal: অসমের ভূমিপুত্র তথা প্রয়াত গায়ক জুবিন গার্গের মতো কংগ্রেসও জনগণকে একত্র করার জন্য কাজ করে। অসমের নির্বাচনী প্রচারে গিয়ে দাবি কংগ্রেস নেতা তথা বিরোধী দলনেতা রাহুল গান্ধির। রবিবার বিস্বনাথ জেলায় একটি নির্বাচনী জনসভায় রাহুল বলেন, অসমের মানুষকে ঐক্যবদ্ধ করতে জুবিন গার্গ সারা জীবন কাজ করেছেন, আর কংগ্রেসের দর্শনও ঠিক সেই পথেই চলে— ঘৃণার বিরুদ্ধে ভালোবাসা ছড়িয়ে দেওয়াই তাদের লক্ষ্য।

রাহুল বলেন, ‘জুবিন গার্গ তাঁর গোটা জীবন অসমের মানুষকে এক করতে কাজ করেছেন। তিনি কখনও কারও সঙ্গে দুর্ব্যবহার করেননি। কংগ্রেসের দর্শনও তেমনই।’ সভা থেকে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে সরাসরি নিশানা করে রাহুল অভিযোগ করেন, তিনি দেশের ‘সবচেয়ে দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী’। রাহুলের দাবি, অসমে কংগ্রেস সরকার গঠন হলে হিমন্তের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

রাহুল বলেন, ‘হিমন্ত বিশ্বশর্মাকে আরও কয়েকদিন কথা বলতে দিন। তার পর অসমে কংগ্রেস সরকার গঠন করবে এবং তিনি ক্ষমা চাইলেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’ রাহুলের আরও অভিযোগ, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার নেতৃত্বাধীন বিজেপি সরকার অসমে মানুষ ও বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ঘৃণা ছড়ানোর কাজ করছে। বিজেপির রাজনীতিকে ‘বিভাজনের রাজনীতি’ বলে কটাক্ষ করেন তিনি।

নির্বাচনের আবহে অসমে কংগ্রেসের প্রচার আরও জোরদার করতে এই জনসভা আয়োজন করা হয়। সেখানে রাহুল গান্ধীর বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। বিজেপির পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক জবাব না মিললেও, রাহুলের ‘সবচেয়ে দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী’ মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে উত্তাপ আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।

Related Articles