রাজ্যের খবর

‘রতনের কাছে কোনও অস্ত্র ছিল না!’ এনকাউন্টার নিয়ে পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মৃতের দাদার

রামপুরহাট মেডিক্যালে ময়নাতদন্তের পর দেহ হস্তান্তর! সিআইডির ফরেনসিক দলের তদন্তে এবার কী কী তথ্য সামনে এল?

Truth of Bengal: বীরভূমের নানুরে পুলিশের সঙ্গে এনকাউন্টারে কুখ্যাত দুষ্কৃতী রতন শেখের মৃত্যুর ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুললেন খোদ মৃতের দাদা সালাম শেখ। মঙ্গলবার রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। হাসপাতালের বাইরে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সালাম শেখ দাবি করেন, ঘটনার দিন বা গ্রেফতারের সময় রতনের কাছে কোনও আগ্নেয়াস্ত্র ছিল না। পুলিশের বিরুদ্ধেই ঠান্ডা মাথায় খুন করার অভিযোগ তুলে সঠিক উচ্চপর্যায়ের তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

গত রবিবার বীরভূমে এই এনকাউন্টারের ঘটনা ঘটে। পুলিশ সূত্রে দাবি করা হয়েছিল, কনস্টেবলকে গুলি করে পালানোর পর বর্ধমান থেকে রতনকে গ্রেফতার করা হয়। এরপর তার কথামতো নানুরের একটি পরিত্যক্ত ইটভাটায় লুকিয়ে রাখা অস্ত্র উদ্ধার করতে গেলে সে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থেই পুলিশ পাল্টা গুলি চালাতে বাধ্য হয়, যার ফলে মৃত্যু হয় রতনের। নতুন সরকারের আমলে এটি রাজ্যের পঞ্চম এনকাউন্টারের ঘটনা হওয়ায় গোটা রাজ্যজুড়ে ইতিমধ্যেই তীব্র রাজনৈতিক ও প্রশাসনিক শোরগোল পড়েছে।

তবে পুলিশের এই তত্ত্বকে পুরোপুরি খারিজ করে দিয়েছেন রতনের দাদা সালাম শেখ। তাঁর বক্তব্য, “ঘটনার দিন পুলিশকে গুলি করার সময় রতনের কাছে অস্ত্র ছিল হয়তো, কিন্তু গ্রেপ্তারি ও এনকাউন্টারের দিন তার কাছে কোনও অস্ত্রই ছিল না। ইটভাটায় পুলিশই তাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে। সঠিক তদন্ত হলেই আসল সত্য সামনে আসবে।”

এদিকে এই চাঞ্চল্যকর মৃত্যুর ঘটনার সত্যতা খতিয়ে দেখতে ইতিমধ্যেই সিআইডির (CID) ফরেনসিক দল তদন্ত শুরু করেছে। মঙ্গলবারই ফরেনসিক বিশেষজ্ঞরা নানুরের সেই পরিত্যক্ত ইটভাটার ঘটনাস্থলে পৌঁছন। ঘটনার পর থেকেই এলাকাটি ঘিরে রাখা হয়েছিল। বিশেষজ্ঞরা সেখানে গিয়ে বিভিন্ন নমুনা সংগ্রহ করেন এবং মেটাল ডিটেক্টর ব্যবহার করে পুরো এলাকা পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করেন।

অন্যদিকে, সাঁওতা গ্রামের বাসিন্দা রতন শেখের পরিবার সূত্রে জানা গিয়েছে, পারিবারিক অশান্তির কারণে সে বহু আগেই গ্রাম ছেড়ে আলাদা থাকত এবং পরিবারের সঙ্গে তার কোনও যোগাযোগ ছিল না। মৃত্যুর খবর পাওয়ার পর দাদা সালাম শেখ ও বৌদি চম্পা বেগম হাসপাতালে আসেন দেহ নিতে। দেওরের মৃত্যু প্রসঙ্গে বৌদি চম্পা আক্ষেপ প্রকাশ করে বলেন, “অনেক আগেই ও আমাদের থেকে আলাদা হয়ে গিয়েছিল। ও অপরাধী ছিল, আদালতের মাধ্যমে তার সাজা হতে পারত। পুলিশ তাকে ধরে জেলে রাখতে পারত, প্রয়োজনে হাত-পা ভেঙে রাখত! কিন্তু এভাবে জীবনটাই কেড়ে নেওয়া ঠিক হয়নি।”