প্রাথমিক টেটের ফল প্রকাশ, উত্তীর্ণদের শুভেচ্ছা জানালেন শিক্ষামন্ত্রী
এক থেকে ১০-র মধ্যে ৬৪ জন পরীক্ষার্থী সেরা স্থান অর্জন করেছেন।
Truth Of Bengal: প্রাথমিক শিক্ষা পর্ষদ সোমবার প্রাথমিকের টেট পরীক্ষার ফল প্রকাশ করেছে। সন্ধ্যা ৬টা থেকে পরীক্ষার্থীরা wbbpe.gov.in ওয়েবসাইটে তাদের ফলাফল দেখতে পারবেন। ২০২৩ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত এই পরীক্ষায় মোট ৩,০৯,০৫৪ জন আবেদন করেছিলেন। পরীক্ষায় অংশ নিয়েছেন ২,৭৩,১৪৭ জন, যার মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬,৭৫৪ জন। এক থেকে ১০-র মধ্যে ৬৪ জন পরীক্ষার্থী সেরা স্থান অর্জন করেছেন।
ফলাফল প্রকাশের পর শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, “প্রাথমিক শিক্ষকের যোগ্যতা নির্ণায়ক TET ২০২৩ পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হল। সমস্ত সফল পরীক্ষার্থীকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। পূর্ববর্তী টেট পরীক্ষাগুলিতে যারা যোগ্যতা অর্জন করেছেন তাদের মধ্যে থেকে নিয়োগের জন্যও মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে শীঘ্রই শূন্যপদ পূরণের জন্য বিদ্যালয় শিক্ষা বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চলেছে।”
প্রাথমিক শিক্ষকের যোগ্যতা নির্ণায়ক TET ২০২৩ পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হলো। সমস্ত সফল পরীক্ষার্থীকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। পূর্ববর্তী টেট পরীক্ষাগুলিতে যারা যোগ্যতা অর্জন করেছেন তাদের মধ্যে থেকে নিয়োগের জন্যও মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে শীঘ্রই শূন্যপদ পূরণের জন্য…
— Bratya Basu (@basu_bratya) September 24, 2025
প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে, টেটের ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই রাজ্য জুড়ে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য ইতিমধ্যেই শূন্য পদের ফাইল রাজ্যের অর্থ দফতরে চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।
ওবিসি জটিলতার কারণে কিছুদিন বিলম্ব হয়েছিল ফল প্রকাশে। সূত্রের খবর, ফল প্রকাশের পর রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু হবে।
এদিকে, দেশের সর্বোচ্চ আদালত সম্প্রতি নির্দেশ দিয়েছে যে, প্রাথমিক শিক্ষকতা চালিয়ে যাওয়ার পাশাপাশি পদোন্নতির জন্যও টেট উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। শীর্ষ আদালতের এই নির্দেশ মেনে প্রাথমিক শিক্ষা পর্ষদ জেলাভিত্তিক শিক্ষকদের তথ্য সংগ্রহ করেছে।






