দেশ

রাজ্যের দাবিতে বিক্ষোভ! বিজেপির কার্যালয়ে হামলা লাদাখবাসীদের

ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় সেই এলাকা সহ গোটা লাদাখে।

Truth Of Bengal: লাদাখকে রাজ্যের মর্যাদার পাশাপাশি সংবিধানের ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্ত করার দাবি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা সত্ত্বেও মেলেনি ফল। একাধিক ডেডলাইন দেওয়ার পরও মেনে নেওয়া হয়নি কেন্দ্রের তরফ থেকে। অবশেষে এবার বিক্ষোভের পথে হাঁটলেন সেখানকার বাসিন্দারা। বুধবার চরম অশান্তি সৃষ্টি হয় লেহ শহরে অবস্থিত গেরুয়া শিবিরের দলীয় কার্যালয়ের সামনে। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় সেই এলাকা সহ গোটা লাদাখে।

জানা গিয়েছে, কেন্দ্র সরকার তাঁদের দাবি নিয়ে আবার আলোচনা না শুরু করার অভিযোগ তুলে ‘এলএবি’র সমর্থকরা জড়ো হন বিজেপির কার্যালয়ের বাইরে এবং প্রতিবাদ জানান। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, উগ্রতা তখনই শুরু হয় যখন পুলিশের তরফ থেকে চেষ্টা করা হয় বিক্ষোভকারীদের আন্দোলন ভেঙে দেওয়ার। শুধু তাই নয়, টিয়ার গ্যাসের শেল পর্যন্ত ব্যবহার করা হয় পরিস্থিতি সামাল দিতে। এই অশান্তির সময় কয়েকটি গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে খবর।

প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীরকে দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে দেওয়া হয় ২০১৯ সালের অক্টোবর মাসে বিশেষ মর্যাদা তুলে নেওয়ার পরেই। একটি জম্মু ও কাশ্মীর এবং অন্যটি লাদাখ। প্রায় ৩ বছর ধরে বিক্ষোভ চালানো হয়েছে রাজ্যের মর্যাদা ফেরানোর দাবিতে দুই কেন্দ্রশাসিত অঞ্চলেই। এবার দেখা গেল এই ধরনের উগ্র আন্দোলন।

Related Articles