নিপায় আক্রান্ত হয়ে রাজ্যে প্রথম মৃত্যু, দীর্ঘ অসুস্থতার পর প্রাণ হারালেন বারাসতের তরুণী
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ১০ জানুয়ারি তাঁকে বারাসতের ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
Truth of Bengal: দীর্ঘদিন ধরে মারণ ভাইরাস নিপার সঙ্গে লড়াই চালানোর পর অবশেষে হার মানলেন এক তরুণী নার্স। বৃহস্পতিবার বিকেলে বারাসতের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় হাসপাতাল চত্বর ও নার্সিং মহলে শোকের ছায়া নেমে এসেছে।
গত ৪ জানুয়ারি প্রথম অসুস্থ বোধ করেন ওই তরুণী। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ১০ জানুয়ারি তাঁকে বারাসতের ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষায় তাঁর শরীরে নিপা ভাইরাসের উপস্থিতি ধরা পড়লে চিকিৎসকরা দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন। জানা গেছে, তাঁর সঙ্গে আরও এক পুরুষ সহকর্মীও একই ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তবে তিনি সুস্থ হয়ে ইতিমধ্যে বাড়ি ফিরে গেলেও, তরুণী নার্সের লড়াই ছিল দীর্ঘ ও অত্যন্ত জটিল।
চিকিৎসা চলাকালীন মাঝে কিছুটা উন্নতির লক্ষণ দেখা গিয়েছিল এবং তাঁকে ভেন্টিলেশন থেকেও বের করে আনা হয়েছিল। তবে সেই স্বস্তি ছিল ক্ষণস্থায়ী। কয়েক দিন পরেই ফের তীব্র শ্বাসকষ্ট শুরু হওয়ায় তাঁকে পুনরায় লাইফ সাপোর্টে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, দীর্ঘ সময় ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে থাকার ফলে তাঁর শরীরে ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে তলানিতে ঠেকেছিল। এছাড়াও তাঁর ফুসফুসে দ্বিতীয়বার সংক্রমণ ধরা পড়ে এবং অটোনোমিক নার্ভাস সিস্টেম কাজ করা বন্ধ করে দিয়েছিল।
দীর্ঘদিন কোমায় থাকার ফলে শারীরিক জটিলতা আরও বৃদ্ধি পায়। গত বুধবার পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক হয়ে পড়লে তাঁকে শেষবারের মতো ভেন্টিলেশনে দেওয়া হয়েছিল। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে বৃহস্পতিবার দুপুরে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। এক নির্ভীক প্রথম সারির যোদ্ধার এমন মর্মান্তিক মৃত্যুতে স্বাস্থ্য মহলে শোকের পাশাপাশি নিপা ভাইরাসের প্রকোপ নিয়ে নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে।






