রাজ্যের খবর

বিজেপি করায় মুসলিম পরিবারকে ‘সামাজিক বয়কট’-এর অভিযোগ, সরব শুভেন্দু

আক্রান্ত পরিবারগুলির সঙ্গে দেখা করেন শুভেন্দু অধিকারী

Truth Of Bengal: বিধানসভা নির্বাচনের মুখে তপ্ত নন্দীগ্রাম। এবার বিজেপি করার অপরাধে সংখ্যালঘু পরিবারের সদস্যদের সামাজিক বয়কটের অভিযোগ উঠল নন্দীগ্রাম-১ ব্লকের ভেকুটিয়া অঞ্চলের দেওয়ানচক গ্রামে। অভিযোগ, বিজেপি মাইনরিটি মোর্চার সদস্য রাকিবুল ও তাঁর সঙ্গীদের শুধু সামাজিকভাবে একঘরে করাই নয়, তাঁদের পানীয় জলটুকুও বন্ধ করে দেওয়া হয়েছে। বুধবার দুপুরে আক্রান্ত পরিবারগুলির সঙ্গে দেখা করতে এলাকায় পৌঁছান নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।

আক্রান্তদের সঙ্গে কথা বলে তাঁদের সবরকম সহযোগিতার আশ্বাস দেন শুভেন্দু। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “ভারতবর্ষের সংবিধান অনুযায়ী প্রত্যেকের নিজস্ব রাজনৈতিক মতাদর্শ বেছে নেওয়ার অধিকার আছে। কাউকে সামাজিক বয়কট করা মধ্যযুগীয় বর্বরতা ছাড়া আর কিছু নয়। তৃণমূল কংগ্রেস সংবিধান ও আইন মানে না বলেই এই ধরনের ঘৃণ্য পথ বেছে নিয়েছে।” তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “তৃণমূল ভাবছে এভাবেই মানুষকে ভয় দেখাবে, কিন্তু আজকের বিজেপি অন্যায়ের প্রতিরোধ করতে জানে। এই অত্যাচার বন্ধ না হলে আমরা চুপ করে বসে থাকব না।”

যদিও বিজেপির এই অভিযোগকে পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে শাসকদল। নন্দীগ্রাম-১ ব্লকের তৃণমূল কোর কমিটির সদস্য বাপ্পাদিত্য গর্গ পালটা কটাক্ষ করে বলেন, “এই ধরনের অপসংস্কৃতি আমাদের দল শেখায় না। এই ঘটনার সঙ্গে তৃণমূল বা দলের কোনো কর্মীর দূরদূরান্তের সম্পর্ক নেই। পরাজয় নিশ্চিত জেনে প্রচারের আলোয় আসতেই বিজেপি এসব নাটকের পরিকল্পনা করেছে।” ভোটের আগে এই ঘটনাকে কেন্দ্র করে দেওয়ানচক এলাকায় রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে।

Related Articles