ওরাকলের মেগা ছাঁটাই, এক ইমেলে ভারতে ১২ হাজার আইটি কর্মীর স্বপ্নভঙ্গ
আগামী এক মাসের মধ্যেই আরও এক দফা ছাঁটাই হতে পারে
Truth Of Bengal: আবারও ছাঁটাইয়ের খাঁড়া নামল তথ্যপ্রযুক্তি দুনিয়ায়। মার্কিন টেক জায়ান্ট ওরাকল বিশ্বজুড়ে এক ধাক্কায় প্রায় ৩০ হাজার কর্মীকে ছাঁটাই করেছে বলে খবর। এর মধ্যে শুধু ভারতেই কাজ হারিয়েছেন প্রায় ১২ হাজার কর্মী। নতুন অর্থবর্ষের প্রথম দিনেই পাঠানো একটি ইমেলের মাধ্যমেই কর্মীদের ছাঁটাইয়ের খবর জানানো হয়েছে বলে জানা গিয়েছে। যদিও এই গণছাঁটাই নিয়ে এখনও পর্যন্ত সংস্থার তরফে আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতি দেওয়া হয়নি।
সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোর ৫টা থেকে ৬টার মধ্যে কর্মীদের কাছে ইমেল পৌঁছয়। সেখানে জানানো হয়, তাঁরা যে পদে কর্মরত ছিলেন, সেই পদগুলি আর থাকছে না। ইমেলটি সরাসরি ‘ওরাকল’-এর পক্ষ থেকে পাঠানো হয়েছিল বলে দাবি করেছেন কর্মীরা। রেডিট এবং এক্স-এর মতো সমাজমাধ্যমে ছাঁটাই সংক্রান্ত পোস্ট ছড়িয়ে পড়তেই বিষয়টি প্রকাশ্যে আসে।
রিপোর্ট অনুযায়ী, ওরাকলের ছাঁটাইয়ের সবচেয়ে বড় প্রভাব পড়েছে ভারতেই। বিশ্বব্যাপী ছাঁটাই হওয়া কর্মীদের প্রায় অর্ধেকই ভারতের বলে দাবি করা হয়েছে। সংস্থার মোট কর্মীসংখ্যার প্রায় ১৮ শতাংশ ছেঁটে ফেলা হয়েছে বলেও জানা যাচ্ছে। উল্লেখ্য, ভারতে ওরাকলের মোট কর্মী সংখ্যা প্রায় ৩০ হাজার। ফলে এই ছাঁটাইয়ের ফলে দেশের কর্মীদের একটি বড় অংশ সরাসরি প্রভাবিত হয়েছেন।
অন্যদিকে, ২০২৫ সালের মে মাস পর্যন্ত বিশ্বজুড়ে ওরাকলের পূর্ণকালীন কর্মী সংখ্যা ছিল প্রায় ১ লক্ষ ৬২ হাজার। সংস্থার অভ্যন্তরীণ সূত্র উদ্ধৃত করে সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওরাকল কৃত্রিম বুদ্ধিমত্তা পরিকাঠামো এবং ডেটা সেন্টার সম্প্রসারণে বড় অঙ্কের বিনিয়োগ করছে। ফলে খরচ কমাতে সংস্থার একাধিক পদ বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটি অভ্যন্তরীণ বিজ্ঞপ্তিতে নাকি জানানো হয়েছে, সংস্থার কাঠামোগত পরিবর্তনের অংশ হিসেবেই কাজের ধরণ ‘স্ট্রিমলাইন’ বা সরলীকরণ করা হচ্ছে। তবে বহু কর্মীর অভিযোগ, মানবসম্পদ বিভাগ বা ম্যানেজমেন্টের তরফে আগে থেকে কোনও আলোচনা বা সতর্কবার্তা দেওয়া হয়নি। আচমকা ইমেল পাঠিয়ে ছাঁটাই করায় কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে।
শুধু এক দফায় থেমে থাকার সম্ভাবনা নেই বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল। সূত্রের দাবি, আগামী এক মাসের মধ্যেই আরও এক দফা ছাঁটাই হতে পারে। যদিও এই বিষয়ে সংস্থার তরফে কোনও নিশ্চিত মন্তব্য করা হয়নি। বিশ্বজুড়ে টেক ইন্ডাস্ট্রিতে যখন এআই-এর প্রভাব বাড়ছে, তখন কর্মী ছাঁটাইয়ের এই ঘটনা নতুন করে প্রশ্ন তুলছে—প্রযুক্তির উন্নতির সঙ্গে কর্মসংস্থান সংকট কি আরও বাড়তে চলেছে?






