রাজ্যের খবর

দার্জিলিঙে বেড়াতে এসে মৃত্যু দমদমের তরুণীর, কারণ ঘিরে বাড়ছে রহস্য

Mystery grows over death of Dumdum girl while visiting Darjeeling

Truth Of Bengal: দার্জিলিঙে বেড়াতে এসে মৃত্যু হল কলকাতার এক তরুণীর। মৃতার নাম অঙ্কিতা ঘোষ। ২৮ বছরের অঙ্কিতা কলকাতার দমদমের অশোকনগরের বাসিন্দা। বন্ধুদের সঙ্গে পাহাড় ভ্রমণে এসেছিলেন তিনি।

মঙ্গলবার মধ্যরাতে আচমকাই অসুস্থ হয়ে পড়েন অঙ্কিতা। বন্ধুরা তাঁকে দ্রুত সুখিয়াপোখরি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে দার্জিলিং জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

জানা গিয়েছে, অঙ্কিতা প্রথমে সান্দাকফু ভ্রমণে গিয়েছিলেন। সেখান থেকে মঙ্গলবার ফেরার পর রাতে টুমলিঙে একটি হোমস্টেতে ছিলেন। রাতের খাবার খাওয়ার পর ঘুমোতে যান, কিন্তু মধ্যরাতে অসুস্থ হয়ে পড়েন। মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।

দিন কয়েক আগেও দার্জিলিঙে এক পর্যটকের মৃত্যু হয়েছিল। কলকাতার ভবানীপুরের বাসিন্দা ৬৫ বছরের আশিস ভট্টাচার্য সান্দাকফু ভ্রমণে গিয়ে শ্বাসকষ্ট ও উচ্চ রক্তচাপের সমস্যায় আক্রান্ত হন। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, উচ্চতার কারণে এই মৃত্যুর ঘটনা ঘটেছে।

পর্যটন বিভাগের ডেপুটি ডিরেক্টর জ্যোতি ঘোষ এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘‘মর্মান্তিক ঘটনা। অঙ্কিতা সান্দাকফু থেকে টুমলিঙে ফিরে অসুস্থ হয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’’

এই ধরনের ঘটনাগুলি পর্যটন মহলে উদ্বেগ তৈরি করছে। বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, উচ্চ পাহাড়ি এলাকায় পর্যটনের আগে শারীরিক স্বাস্থ্য পরীক্ষা এবং পর্যাপ্ত প্রস্তুতির প্রয়োজন।

Related Articles