রাজ্যের খবর

ওড়িশায় কাজ করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু মালদার শ্রমিকের, শোকাতুর পরিবারে পাশে বিধায়ক

মৃত্যুর খবর পেয়ে শনিবার মাসরেকুলের বাড়িতে পৌঁছন মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সী।

Truth Of Bengal: ভিনরাজ্যে কাজ করতে গিয়ে আবারও প্রাণ হারালেন মালদার এক পরিযায়ী শ্রমিক। এবারে ওড়িশায় মোবাইল টাওয়ারের কাজে গিয়ে টাওয়ার থেকে পড়ে মৃত্যু হল মালতীপুর বিধানসভার জালালপুর এলাকার বাসিন্দা মাসরেকুল আলমের (৩৮)। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, সংসারের আর্থিক সচ্ছলতা ফেরাতে এবং স্ত্রী ও দুই নাবালক সন্তানকে ভালভাবে রাখার আশায় মাসরেকুল ওড়িশায় শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন। কাজ করার সময় আচমকাই টাওয়ার থেকে পড়ে যান তিনি। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করা হলেও শেষরক্ষা হয়নি। মৃত্যুর খবর পেয়ে শনিবার মাসরেকুলের বাড়িতে পৌঁছন মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সী।

তিনি শোকাহত পরিবারের সদস্যদের সান্ত্বনা জানান এবং সমবেদনা প্রকাশ করেন। পাশাপাশি ভবিষ্যতে পরিবারের পাশে থাকা ও প্রয়োজনীয় সবধরনের সাহায্য-সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় গভীর শোকের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয়দের দাবি, পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।

Related Articles