Truth Of Bengal: দেখতে দেখতে কুড়ি বছরেরও বেশি সময় পার করে ফেলেছে মালবাজার মহকুমা। অবশেষে স্থায়ী মহকুমা আদালত পেল মালবাজারবাসী। বৃহস্পতিবার বিকেলে মালবাজার শহরের এনবিএসটিসি বাসস্ট্যান্ডের কাছে অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন ভবনে স্থানান্তরিত হল মালবাজার মহকুমা আদালত। নতুন আদালত ভবনটির উদ্বোধন করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গনপত, জেলা শাসক শামা পারভিন সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।
জানা গেছে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন জজ ও পকসো কোর্টের কাজ শুরু হবে এই ভবনে। পরবর্তীতে অ্যাসিস্ট্যান্ট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের কাজও শুরু হয়ে যাবে। ধীরে ধীরে প্রায় আটটি কোর্ট চালু হবে এখানে। পাশাপাশি বিচারকদের বাসভবন, স্টাফ কোয়ার্টার সহ বিভিন্ন ভবন তৈরি করা হবে। নতুন আদালত ভবনের উদ্বোধনকে ঘিরে খুশি মালবাজারবাসী।
উল্লেখ্য, ২০০১ সালে মালবাজার মহকুমা ঘোষণা হয়েছিল। এরপর ২০০৩ সালের ডিসেম্বর মাসে একটি ভাড়া বাড়িতে ফাস্ট ট্র্যাক কোর্টের পথচলা শুরু হয়। পরবর্তীতে ২০১৩ সালে সেই ফাস্ট ট্র্যাক কোর্টকে উন্নীত করা হয় অতিরিক্ত জেলা দায়রা আদালতে।






