রাজ্যের খবর

সবংয়ে কোয়েলের ‘রোড-শো’-তে জনসুনামি! মানস ভুঁইয়ার জয় নিয়ে বড় দাবি অভিনেত্রীর

তেমাথানি বাজারে জনসমুদ্র! কোয়েলকে দেখতে হুড়োহুড়ি সবংয়ে, তৃণমূল প্রার্থীর হয়ে কী বার্তা দিলেন সাংসদ অভিনেত্রী?

শান্তনু পান, মেদিনীপুর: বিধানসভা নির্বাচনের উত্তাপের মাঝেই সবংয়ের মাটিতে তারকা চমক! তৃণমূল কংগ্রেস প্রার্থী মানস রঞ্জন ভুঁইয়ার সমর্থনে এদিন প্রচারে ঝড় তুললেন টলিউডের প্রথম সারির অভিনেত্রী তথা রাজ্যসভার সাংসদ কোয়েল মল্লিক। রবিবার বিকেল নাগাদ মোর বাস স্ট্যান্ড থেকে সবং তেমাথানি বাজার পর্যন্ত বর্ণাঢ্য রোড-শো করেন তিনি। রাস্তার দু’পাশে প্রিয় অভিনেত্রীকে দেখতে সাধারণ মানুষের ভিড় ছিল উপচে পড়ার মতো।

জনসংযোগ সেরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোয়েল মল্লিক মানস ভুঁইয়ার জয়ের ব্যাপারে অত্যন্ত আত্মবিশ্বাসী সুর শোনান। তিনি বলেন, “মানস বাবুকে আমার অনেক শুভেচ্ছা ও শুভকামনা। উনি আগে আটবার জিতেছেন, এবারেও তাঁর জয় নিশ্চিত বলেই আমি মনে করি। সবংয়ের মানুষের সঙ্গে ওঁর সম্পর্ক এতটাই দৃঢ় যে নতুন করে ভোট চাওয়ার প্রয়োজন নেই। উনি এত বছর ধরে মানুষকে ভালবেসে পাশে থেকেছেন, তাই স্বাভাবিকভাবেই এখানকার মানুষ তাঁকেই সমর্থন করবেন।”

তবে রাজনৈতিক প্রচারের মাঝেই বিষাদের ছায়া নেমে আসে কোয়েলের গলায়। কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে-র প্রয়াণের খবরে শোকস্তব্ধ অভিনেত্রী। স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, “খবরটা শুনে ভীষণ খারাপ লাগছে। গতকালই শুনেছিলাম উনি হাসপাতালে ভর্তি হয়েছেন। ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম দ্রুত সুস্থ হয়ে উঠুন। কিন্তু সব শেষ হয়ে গেল। উনি অসংখ্য অমর গান উপহার দিয়েছেন, সেই গানের মধ্য দিয়েই তিনি আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন।”

এদিন সবংয়ের ভোট ময়দানে যেমন ছিল রাজনৈতিক আত্মবিশ্বাসের সুর, তেমনই এক সুরসম্রাজ্ঞীর বিদায়ে ছিল গভীর শ্রদ্ধা ও শোকের আবহ। কোয়েলের উপস্থিতি যে সবংয়ের তৃণমূল কর্মীদের মনোবল কয়েক গুণ বাড়িয়ে দিল, তা বলাই বাহুল্য।

Related Articles