Kalyan Banerjee: “২০১৪-র পর সংবাদমাধ্যমের স্বাধীনতা কমেছে!” বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়
তিনি বলেন আগেকার প্রেস বা মিডিয়ার সাংবাদিকদের যে স্বাধীনতা ছিল তা কিন্তু আস্তে আস্তে অনেক কমে গেছে।
তরুণ মুখোপাধ্যায়, হুগলি: জুডিশিয়ারি যত শক্তিশালী হবে ততই গণতন্ত্র জোরদার হবে, তেমনি প্রেস বা মিডিয়া যত বেশি জোরদার হবে সে ক্ষেত্রেও গণতন্ত্র শক্তিশালী হবে এবং প্রতিষ্ঠা পাবে। রবিবার হুগলি প্রেস ক্লাব আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে এসে বক্তব্য রাখতে গিয়ে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কথাগুলি জানান। তিনি বলেন আগেকার প্রেস বা মিডিয়ার সাংবাদিকদের যে স্বাধীনতা ছিল তা কিন্তু আস্তে আস্তে অনেক কমে গেছে। কারণ প্রকৃত সত্য যেটা সাংবাদিকরা দেখেন সেটা যদি সেটা যখন তারা সংবাদপত্র অফিসে পাঠান তখন অনেক ক্ষেত্রে সংবাদপত্র গোষ্ঠীর মালিকরা পরিষ্কারভাবে জানান এই খবরগুলি ছাপা যাবে না কারণ এই এর ফলে অমুক সরকার তমুক সরকার রুষ্ট হবে।
আর বলতে দ্বিধা নেই এটা ২০১৪ সালের পর থেকে ভীষণভাবে দেখা যাচ্ছে। তিনি হুগলি প্রেস ক্লাবের সাংবাদিকদের ভূয়সী প্রশংসা করে বলেন যে এখানকার যারা সাংবাদিকরা আছেন তারা যথেষ্ট ভালো সংবাদ পরিবেশন করেন এবং আমাকেও তারা শ্রদ্ধা করে। তবে প্রকৃত খবর রাজনীতিবিদদের ভুল কাজের খবর ছাপতে দ্বিধা করেন না। পুরনো বর্ষ শেষের রবিবারে শীতের সন্ধ্যায় জমজমাট হয়ে উঠেছিল সাংবাদিকদের বার্ষিক সংস্কৃতি অনুষ্ঠান। শ্রীরামপুর গান্ধী ময়দানে আয়োজিত এই অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বিখ্যাত সঙ্গীত শিল্পী বাবুল সুপ্রিয়। দেড় ঘন্টার বেশি তিনি সংগীত পরিবেশন করেন। এদিনের সংস্কৃতিক সন্ধ্যায় তীব্র শীতকে উপেক্ষা করে কয়েক হাজার মানুষ বাবুল সুপ্রিয় গান উপভোগ করেন।
শিল্পীও তার হিন্দি বাংলা রবীন্দ্র সংগীতের ডালি উজার করে দিয়ে দর্শকদের আনন্দ দেন। এছাড়াও এদিনের সংগীত সন্ধ্যায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী, বিধায়ক ডাক্তার সুদীপ্ত রায়,বিধায়ক অরিন্দম গুইন, প্রাক্তন বিধায়ক প্রবীর ঘোষাল, শ্রীরামপুরের পুর প্রধান গিরিধারী সাহা, রিষড়ার পুর প্রধান বিজয় সাগর মিশ্র কোন্নগরের পুর প্রধান স্বপন দাস বৈদ্যবাটি পুর প্রধান পিন্টু মাহাতো, শ্রীরামপুর পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সন্তোষ সিং সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।






