বর্ষশেষের পিকনিকে হামলা, রায়গঞ্জে তৃণমূলের যুব নেতা নিহত
আহত অবস্থায় তাঁকে দ্রুত রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
Truth Of Bengal: বর্ষবরণের রাতে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। যুব তৃণমূল কংগ্রেসের জেলা সহ-সভাপতি নব্যেন্দু ঘোষকে গুলি করে খুন করা হয়েছে। তাঁর বয়স ছিল ৩৭ বছর।
স্থানীয় সূত্রে জানা যায়, বর্ষবরণের রাতে নব্যেন্দু মোহনবাটি বাজার সংলগ্ন এলাকায় বন্ধুদের সঙ্গে পিকনিক করছিলেন। ঠিক সেই সময়েই উপর হামলার ঘটনা ঘটে। আহত অবস্থায় তাঁকে দ্রুত রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা জানান, তাঁর বুকে একটি গুলির ক্ষত লক্ষ্য করা গেছে।
পুলিশ তদন্ত শুরু করেছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে রাতেই দুই জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি, হামলায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে। নব্যেন্দু ঘোষের হত্যাকাণ্ডে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
নব্যেন্দুর মা অভিযোগ করেছেন, “ওকে ষড়যন্ত্র করে খুন করা হয়েছে। বুধবার রাতে আমাকে জড়িয়ে ধরে হ্যাপি নিউ ইয়ার বলেই বাড়ি থেকে বের হয়েছিল। ও পার্টির প্রোগ্রামে যাচ্ছিল না, শুধু দোকানদারি করছিল। কে শত্রুতা করল, আমি জানি না।”
নব্যেন্দুর বাবা প্রণবকুমার ঘোষ বলেন, “ও বুধবার রাত ১২টার আগে হ্যাপি নিউ ইয়ার বলতে বাড়ি এসেছিল। তারপর পিকনিকে চলে যায়। এরপর কী ঘটেছে, আমি জানি না।”
তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি রন্তু দাস বলেন, “ওঁর মৃত্যু মেনে নিতে পারছি না।” শহর তৃণমূল সভাপতি শিবশঙ্কর রায় চৌধুরী উল্লেখ করেন, “এ ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ও রাজনৈতিকভাবে সক্রিয় ছিল। রাজনৈতিকভাবে ষড়যন্ত্রের সম্ভাবনা থাকতে পারে। ঘটনার সঠিক তদন্ত করা অত্যাবশ্যক।”






