ইলেকশন কমিশনের পোর্টালের সাহায্যে মিলল পরিচয়, ২ বছর পর ঘরে ফিরলেন নিখোঁজ সমীরবাবু
কথা বলে বোঝা যায়, তিনি মানসিকভাবে অসুস্থ এবং বিশেষভাবে সক্ষম। এরপরই তাঁকে নিরাপদ আশ্রয়ে নিয়ে এসে তাঁর পরিচয় জানার চেষ্টা শুরু করে পুলিশ।
Truth Of Bengal: দীর্ঘ দুই বছরের অসহ্য যন্ত্রণা ও অপেক্ষার অবসান। অবশেষে ঘরে ফিরলেন বিশেষভাবে সক্ষম সমীর দাস। হাওড়া সিটি পুলিশের মালিপাঁচঘড়া থানার সক্রিয় ভূমিকায় ওই ব্যক্তিকে উদ্ধার করে তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি হাওড়ার গুহ রোড এলাকায় এক ব্যক্তিকে লক্ষ্যহীনভাবে ঘোরাফেরা করতে দেখেন মালিপাঁচঘড়া থানার কর্তব্যরত পুলিশ কর্মীরা। কথা বলে বোঝা যায়, তিনি মানসিকভাবে অসুস্থ এবং বিশেষভাবে সক্ষম। এরপরই তাঁকে নিরাপদ আশ্রয়ে নিয়ে এসে তাঁর পরিচয় জানার চেষ্টা শুরু করে পুলিশ।
পরিচয় জানার ক্ষেত্রে পুলিশের কাছে বড় হাতিয়ার হয়ে ওঠে নির্বাচন কমিশনের ওয়েবসাইট। সেখানে ‘এসআইআর ড্রাফট রোল’-এর তথ্য যাচাই করে ওই ব্যক্তির নাম সমীর দাস বলে নিশ্চিত হওয়া যায়। জানা যায়, তাঁর বাড়ি উত্তর ২৪ পরগনার বরানগর এলাকায়।
সনাক্তকরণের পর মালিপাঁচঘড়া থানার পক্ষ থেকে বরানগর থানার মাধ্যমে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। খবর পেয়েই হাওড়ায় ছুটে আসেন পরিবারের সদস্যরা। তাঁরা জানান, দীর্ঘ দুই বছর ধরে নিখোঁজ ছিলেন সমীরবাবু। পুলিশের এই মানবিক উদ্যোগে আবেগপ্রবণ হয়ে পড়েন তাঁরা। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে সমীরবাবুকে তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।






