রাজ্যের খবর

প্রাক্তন তৃণমূলের বেপরোয়া গাড়ি পিষে মারল দু’জনকে, নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গিয়ে পড়ল পুকুরে!

প্রাক্তন বিধায়ক সুকুমার মাহাতোর গাড়ি পিষে মারল দু’জনকে, সন্দেশখালির ন্যাজাটে চরম উত্তেজনা

মন্টু সাহাজী, বসিরহাট: চতুর্থীর খুশির আমেজ নিমেষে লণ্ডভণ্ড হয়ে গেল এক রক্তক্ষয়ী পথ দুর্ঘটনায়। উৎসবের আবহে উত্তর ২৪ পরগনার সন্দেশখালির ন্যাজাট থানার অন্তর্গত চরবেড়িয়া বয়ারমারী এলাকায় ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। প্রাক্তন তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুটি টোটোকে সজোরে ধাক্কা মারে এবং পিষে দিয়ে সোজা গিয়ে পড়ে রাস্তার পাশের একটি গভীর পুকুরে। এই ভয়াবহ দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুই টোটোযাত্রীর মৃত্যু হয়েছে। এছাড়া গুরুতর জখম হয়েছেন আরও দু’জন। মৃত ও আহতদের পরিচয় নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার সময় ওই গাড়িতে প্রাক্তন বিধায়ক সুকুমার মাহাতো নিজে উপস্থিত ছিলেন না। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনার সময় রাস্তা দিয়ে দুটি টোটো রেষারেষি করে অত্যন্ত দ্রুত গতিতে ছুটছিল। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে একটি টোটো সজোরে ধাক্কা মারে প্রাক্তন বিধায়কের গাড়িটিতে। এরপরই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে টোটোগুলিকে পিষে দিয়ে সোজা গিয়ে পড়ে পুকুরে। বিকট শব্দে স্থানীয়রা ছুটে আসেন।

গাড়িটি পুকুরে তলিয়ে যেতে দেখেই স্থানীয় বাসিন্দারা সাহসিকতার সঙ্গে উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন। মুহূর্তের মধ্যে খবর পৌঁছায় ন্যাজাট থানায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রক্তমাখা অবস্থায় জখমদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা দু’জনকে মৃত বলে ঘোষণা করেন। আহত অন্য দু’জনের চিকিৎসা চলছে।

গাড়িতে বিধায়ক না থাকলেও দুর্ঘটনার খবর পাওয়ামাত্রই তীব্র চাঞ্চল্য ছড়ায় রাজনৈতিক মহলে। এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে প্রাক্তন বিধায়ক সুকুমার মাহাতো বলেন, “ঘটনার সময় আমি গাড়িতে ছিলাম না। আমি শুনেছি রাস্তায় দুটো টোটোর মধ্যে রেষারেষি চলছিল। গাড়ির গতি কতটা ছিল বা কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা পুলিশ খতিয়ে দেখছে। এই দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আমি ব্যক্তিগতভাবে ওই পরিবারগুলির পাশে আছি।” দুর্ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

Related Articles