মহানন্দা নদীতে ফেরি দুর্ঘটনা, পুনরায় সেতুর দাবিতে উত্তেজনা
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে রানী সাহা তাঁর ছেলে এবং স্বামী সান্টু সাহাকে নিয়ে চাঁচলের দইভাত্তা গ্রামে আত্মীয়ের বাড়িতে রাসমেলা দেখতে এসেছিলেন।
Truth Of Bengal: অভিষেক দাস, মালদা: আবারও নৌকা দুর্ঘটনায় মৃত্যু ঘটল মালদার চাঁচল মহকুমায়। শুক্রবার রাত দশটা নাগাদ চাঁচল-১ ব্লকের মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের জগন্নাথপুর-মুকুন্দপুর ফেরিঘাটে মহানন্দা নদীতে উল্টে যায় একটি নৌকা। তাতে ডুবে মৃত্যু হয় এক মহিলার। অল্পের জন্য প্রাণে রক্ষা পায় তাঁর ছেলে। মৃতের নাম রানী সাহা (৩০)। তিনি উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার মুকুন্দপুর গ্রামের বাসিন্দা। শনিবার সকাল ন’টা নাগাদ নদী থেকে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে রানী সাহা তাঁর ছেলে এবং স্বামী সান্টু সাহাকে নিয়ে চাঁচলের দইভাত্তা গ্রামে আত্মীয়ের বাড়িতে রাসমেলা দেখতে এসেছিলেন। রাতে বাড়ি ফেরার সময় তাঁরা নৌকায় করে মহানন্দা নদী পার হচ্ছিলেন। সেই সময় দুর্ঘটনাটি ঘটে। নৌকায় থাকা একটি মোটরবাইক সহ নৌকাটি নদীতে উল্টে যায়। কোনোরকমে সাঁতরে তীরে উঠতে সক্ষম হয় রানীর ছেলে, কিন্তু মা নদীর জলে তলিয়ে যান।
উল্লেখ্য, এই ঘটনা প্রথম নয়। এরআগে ২০১৯ সালেও একই ঘাটে ভয়াবহ নৌকা দুর্ঘটনায় প্রায় ১০ জনের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার পর প্রশাসনের তরফে ফেরিঘাটটি বন্ধ করে দেওয়া হলেও স্থানীয়দের অভিযোগ, রাতে নজরদারি কম থাকায় এখনও অবৈধভাবে নৌকা চলাচল অব্যাহত রয়েছে।দুই জেলার মানুষের দৈনন্দিন যোগাযোগের সুবিধার জন্য দীর্ঘদিন ধরেই সেখানে একটি পাকা সেতু নির্মাণের দাবি উঠছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনের উদাসীনতার কারণেই এমন দুর্ঘটনা বারবার ঘটছে।পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।






