রাজ্যের খবর

বেগুন তোলাকে কেন্দ্র করে পারিবারিক ঝগড়া, জলঙ্গিতে খুন ৫২ বছরের শাজাহান

অভিযোগ, ঝগড়ার মাঝেই আশরাফুল ও ইমান এলোপাতাড়ি মারধর করতে শুরু করে জেঠু   শাজাহানকে।

Truth Of Bengal: কল্যাণ বিশ্বাস, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের জলঙ্গি থানার বিদুপুর কলোনি এলাকায় বেগুন তোলাকে কেন্দ্র করে ভয়াবহ পারিবারিক বচসার জেরে খুন হলেন এক প্রৌঢ়। বৃহস্পতিবার সকালে ঘটে যাওয়া এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ইতিমধ্যেই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। অভিযুক্ত ভাই ও ভাইপো ঘটনার পর থেকেই পলাতক।মৃতের নাম শাজাহান সেখ (৫২)। তিনি তিন ভাইয়ের মধ্যে একজন। পরিবার সূত্রে জানা গেছে, শাজাহান একাই থাকতেন। এক ভাই রুবেল সেখ বাইরে থাকেন, অন্য ভাই আশরাফুল সেখ পরিবারের সঙ্গে পাশেই থাকেন। রুবেল সেখের জমিতেই বেগুন চাষ ছিল।

স্থানীয়দের বক্তব্য, বৃহস্পতিবার সকালে রুবেলের জমি থেকে একটি বেগুন তোলেন শাজাহান। এই ঘটনাকে কেন্দ্র করেই আশরাফুল ও তার ছেলে ইমান সেখের সঙ্গে শাজাহানের তীব্র বচসা শুরু হয়। অভিযোগ, ঝগড়ার মাঝেই আশরাফুল ও ইমান এলোপাতাড়ি মারধর করতে শুরু করে জেঠু   শাজাহানকে। মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয় বলেও দাবি প্রত্যক্ষদর্শীদের। গুরুতর অবস্থায় মাটিতে পড়ে যান তিনি।

তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় সাদিখান দেয়ার গ্রামীণ হাসপাতালে, যেখানে চিকিৎসকরা শাজাহানকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্তে নেমেছে জলঙ্গি থানার পুলিশ।পুলিশ সূত্রে জানানো হয়েছে, প্রাথমিকভাবে বেগুন তোলাকে কেন্দ্র করেই এই মারধর ও হত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্ত আশরাফুল ও তার ছেলে ইমান ঘটনার পর পলাতক। তাঁদের সন্ধানে তল্লাশি চলছে।ঘটনায় শোকের ছায়া নেমেছে বিদুপুর এলাকায়। পারিবারিক বিবাদ যে এমন মর্মান্তিক পরিণতি ডেকে আনতে পারে, তা ভেবে হতবাক প্রতিবেশীরা।

Related Articles